দখলদারদের কবলে পড়ে এক সময়ের খরস্রোতা বাসিয়া নদীর বুক এখন পানিশূন্য। পানি না থাকায় কৃষকদের মধ্যে চলছে হাহাকার। দীর্ঘদিন সরকারের কাছে এ নদী খননের দাবি এলাকাবাসীর। বর্তমান সরকার নদী খনন কার্যক্রম শুরু করলেও তা সফলতার মুখ দেখেনি।
সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের মধ্য দিয়ে বয়ে যওয়া সুরমা নদীর শাখা নদী বাসিয়া ছিল এক সময় এ এলাকার মানুষের সকল কাজের উত্স। বছর জুড়ে নদীতে প্রচুর পরিমাণ পানি থাকত। বর্তমানে দখলদাররা নদীর চর তাদের দখলে নিয়ে ছোট বড় ঘর নির্মাণ করে রেখেছে। বাজারের কতিপয় ব্যবসায়ী ময়লা আর্বজনা নদীতে ফেলার কারণে দিন দিন ভরাট হয়ে উঠছে। প্রশাসনের অসাধু কর্মকর্তারা তা দেখেও না দেখার ভান করে বসে আছে।
ওয়ান ইলেভেনের পর মহাজোট সরকার ক্ষমতায় আসার পর যখন অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম শুরু হয়েছিল তখন শান্তিপ্রিয় মানুষ আশা করেছিলেন আর কিছু হোক আর না হোক অন্তত বাসিয়া নদীর দুই তীরের ওপর নির্মিত অবৈধভাবে গড়ে উঠা স্থাপনাগুলোও উচ্ছেদ করা হবে। কিন্তু হঠাত্ করে রহস্যজনক কারণে অবৈধ স্থাপনা উচ্ছেদ বন্ধ হয়ে গেলে বিশ্বনাথবাসীর আশা নিরাশায় পরিণত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা বাসিয়া নদীর চরে কোন অবৈধ দখলদার নেই দাবি করে বলেন, বর্তমানে নদী খননের কোন পরিকল্পনা সরকারের নেই। এলাকার পরিবেশ রক্ষার জন্য বাজারের ব্যবসায়ীদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
