বাগেরহাটের চিতলমারীতে আবারও মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের দ্বাদশ পল্লী (বাখেরগঞ্জ) সার্বজনীন কালি মন্দিরের ভেতরে বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এ সময় মন্দিরের ভেতরে থাকা শ্যামা মূর্তিটি ক্ষতিগ্রস্ত হয়। সকালে হিন্দু ধর্মাবলম্বীরা মূর্তি পুঁড়ে যাওয়ার বিষয়টি দেখে এলাকাবাসিকে জানায়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।
মন্দির কমিটির সভাপতি অমূল্য কুমার মৈত্র ও সাধারণ সম্পাদক জগদীশ মজুমদার জানান, মন্দির নিয়ে কারো সাথে কোন বিরোধ নেই। চিতলমারী থানার ওসি (তদন্ত) দিলীপ সরকার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাতে উপজেলার উত্তর কুড়ালতলা গ্রামের সার্বজনীন কালি মন্দিরটিতেও দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
