আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংখ্যালঘুদের বাড়ী ঘরে যারা হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে সে সব হামলাকারীদের কাউকে ছাড় দেবে না সরকার। অপরাধীদেরকে শাস্তি অবশ্যই পেতে হবে। সারা দেশে হিন্দুদের ওপর সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে যারা হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে তাদেরকে সরকারিভাবে মোকাবেলা করা হবে।
তিনি বৃহস্পতিবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ এলাকায় গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবির কর্মীদের হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নি সংযোগে ক্ষতিগ্রস্ত হিন্দু অধ্যুষিত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ কালে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সংখ্যালঘুদের যতই সাহায্য দেয়া হউক না কেন, তাদের মনে আতঙ্ক কাটবে না। এ মুহূর্তে আমাদের সকলের দায়িত্ব সংখ্যালঘুদের মন থেকে আতঙ্ক দূর করে শান্তি ফিরিয়ে আনা।
পরে ওবায়দুল কাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ ৬ লাখ টাকা ও শাড়ী এবং বই বিতরণ করেন।
এসময় জেলা প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুবুর রশীদ, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়্যারম্যান মোহাম্মদ উল্যাহ, সদর উপজেলা পরিষদ চেয়্যারম্যান এডভোকেট সিহাব উদ্দিন শাহিন ও চৌমুহনী পৌরসভার মেয়র মামুনুর রশীদ কিরণ প্রমুখ উপস্থিত ছিলেন।
