সাতক্ষীরার তালা উপজেলায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মাঝে রুগ্ন ছাগল বিতরণ করায় অধিকাংশ ছাগল মারা যাচ্ছে। গত ১৫ দিনের মধ্যে প্রায় ৫০টি পরিবারের ছাগল মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ইতিমধ্যে পুনরায় ছাগল পেতে ৩৩ টি পরিবার উপজেলা প্রাণি সম্পদ অফিসে আবেদন করেছে।
তালা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ পরিতোষ রায় বিতরণকৃত ছাগল মারা যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, বিতরণের সময় সাতটি ছাগল অসুস্থ দেখে বাদ দেয়া হয়েছিল। আবার কয়েকটি ছাগল অসুস্থ হয়ে পড়ে, যে কারণে ছাগল মারা গেলে ১৫ দিনের মধ্যে উপকারভোগীদের উপজেলা প্রাণি সম্পদ অফিসে আবেদন করতে বলেছিলাম। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৩৩ টি আবেদন জমা পড়েছে।
চলতি বছরের ২০ ফেব্রুয়ারি দাতা সংস্থা ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ইউনাইটেড নেশন’ বেলজিয়াম সরকারের অর্থায়নে, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত তালা উপজেলায় ১৭০টি দরিদ্র পরিবারের মাঝে সাত থেকে নয় কেজি ওজনের একটি ছাগল ও ২০ কেজি করে খাদ্য বিতরণ করা হয়।
উপজেলার তেতুঁলিয়া গ্রামের মহিউদ্দীন মোড়ল অভিযোগ করে বলেন, আমাকে একটি রুগ্ন ছাগল দেয়। সাতদিন পরই ছাগলটি মারা যায়। আমি আবার ছাগল পাওয়ার জন্যে উপজেলা প্রাণি সম্পদ অফিসে আবেদন করেছি।
রহিমাবাদ গ্রামের সাজেদা বেগম জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রুগ্ন (অসুস্থ) ছাগল বিতরণ করেছে। অধিকাংশ ছাগল মারা যাচ্ছে। আমার নিজের ছাগলটাও মরে গেছে। এমন বক্তব্য উপকারভোগী শাহাজান মোড়ল, ফতেমা বেগম, ঝর্ণা বেগমসহ অনেকের। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান জানান, বিষয়টি অনেকে আমাকে জানিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
