একটি কলা গাছের দাম ১৭ হাজার টাকা!

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২১:৫২
বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরে নির্মাণাধীন বাইপাশ সড়কের ভূমি অধিগ্রহণে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বরিশাল এলএ অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা, কর্মচারি ও ভূমি মালিকদের যোগসাজসে সরকারি টাকা লোপাটের মহোত্সব চলছে। এখানে একটি কলাগাছের দাম নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। বিভিন্ন সূত্রে জানাগেছে, আগৈলঝাড়া উপজেলা সদরে সড়ক ও জনপদ বিভাগ কর্তৃক নির্মাণাধীন বাইপাশ সড়কে রাজিহার গ্রামের জৈনক হোসেন মোল্লার ৩৪ জমি সড়ক নির্মাণের জন্য অধিগ্রহণ করা হয়। তার জমি ও অবকাঠামো, মূলবান গাছসহ এর ক্ষতিপূরণ ধরা হয়েছে ১৭ লাখ ৮৫ হাজার ২৮১ টাকা। এর মধ্যে জমির দাম ১৪ লাখ ২৮ হাজার এবং অবকাঠামো, গাছপালার ক্ষতিপূরণবাবদ ধরা হয়েছে ৩ লাখ ৫৭ হাজার ২৮১ টাকা। অধিগ্রহণকৃত ওই জমিটি ছিল নিচু জমি এবং অবকাঠামোর মধ্যে ছিল রাস্তার পাশে একচালা একটি চায়ের দোকান। মূল্যবান গাছপালার মধ্যে ছিল একটি কলাগাছ যার মূল্য ধরা হয়েছে ১৭ হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ভূমি অধিগ্রহণের কাজটি করছে বরিশাল জেলা অফিসের এল এ শাখা। এ ক্ষেত্রে কিছুটা হলেও অনিয়ম হচ্ছে বলে তিনি জানান। বরিশাল সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আবু জাফর খান জানান, আগৈলঝাড়া উপজেলা সদরে ৩ কিলো ৭০০ মিটার বাইপাস সড়কের ভূমি অধিগ্রহণ বাবদ ১২ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। তবে জমি অধিগ্রহণের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে তিনি জানান।