ইসলামপুরে সমবায় বাজার উদ্বোধন
ইসলামপুর(জামালপুর) সংবাদদাতা \ ইসলামপুরে মুনলাইট দোতলায় সমবায় সমাজ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর উদ্যোগে সমপ্রতি সমবায় বাজার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এম,পি ফরিদুল হক খান দুলাল। বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা মীর নূরুল ইসলাম, বণিক সমিতির সভাপতি আঃ আওয়াল খান লোহানী।
সৈয়দপুর কারিগরি মহাবিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারী জেলার সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লায়লা আরজুমান্দ বানু ও বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব আব্দুল বাশির মিয়া।
মোহনগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০
মোহনগঞ্জ সংবাদদতা\ নেত্রকোনা মোহনগঞ্জে বোরো জমিতে সেচ দেয়াকে কেন্দ করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০জন আহত হয়েছে। আহত ১৬জনকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালীবাড়ি হাওরের রহিছ মিয়ার বোরো জমিতে পানি দিতে গেলে একই গ্রামের ফজলুর রহমান চৌধুরীর লোকজন তাদের বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। অস্ত্রের আঘাতে রহিছ মিয়া, খাদেম হোসেন, হারেছ মেম্বার, আলম, রবিন, শাহ আলম, শহর উদ্দিন, নাজিম উদ্দিন, বেসাদ মিয়া, রফিকুল, আলমগীর, মর্তুজ আলী, গাজি রহমান, শামছুমিয়া, রাইছ উদ্দিন, শফিকুলসহ অন্তত ৩০ আহত হয়েছেন।
চাটখিলে সন্ত্রাসী হামলায় মহিলাসহ আহত ১০
চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা\ বৃহস্পতিবার জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করে বাড়ির লোকজনদের কুপিয়ে ও পিটিয়ে ৫ মহিলাসহ ১০ জনকে আহত করে। আহত আবু তাহের, আলেয়া বেগম, আব্দুল কুদ্দুস, তারেক, আলী আহাম্মেদ, সেতারা বেগম, তারিনা বেগম, সেতারা বেগম, পুতুল ও ফয়সালকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দর্শনা সীমান্তে পতাকা বৈঠক
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ বৃহস্পতিবার দর্শনা সীমান্তের ওপারে ভারতীয় অংশে সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ-এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নদীয়া জেলার গেদে বিএসএফ ক্যাম্পে সকালে এ বৈঠক শুরু হয় এবং বিকাল ৫ টায় শেষ হয়।
সারটিয়া মহিউদ্দিন নাসির বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা\ সিরাজগঞ্জের সারটিয়া আলহাজ্ব মহিউদ্দিন নাসির বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার আলহাজ্ব মহিউদ্দিন নাসির বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও মেধাবী ছাত্রীদের মাঝে মায়ের স্মৃতি বৃত্তি, মেহেদি মেধা বৃত্তি, সোবাহান গনি বৃত্তি ও মনোয়ারা গনি বৃত্তি প্রদান করা হয়েছে। বিজয়ীদের মাঝে পুরস্কার ও বৃত্তি প্রদান করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষা অনুরাগী আলহাজ্ব নাসির উদ্দিন মোল্লা।
ভিডিপি সদস্যাদের কম্পিউটার প্রশিক্ষণ
খুলনা অফিস\ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসাবে বৃহস্পতিবার থেকে খুলনা আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ের ভিডিপি সদস্যাদের ৪২ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধন করেন খুলনা রেঞ্জের আনসার ও ভিডিপি পরিচালক অরুন কুমার মণ্ডল।
আত্রাইয়ে ধারালো অস্ত্রের আঘাতে কৃষক আহত
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর আত্রাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষককে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় ওই এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার ভোরে উপজেলার লাকবাড়ি গ্রামে। আত্রাই থানার ওসি আব্দুল লতিফ খান বলেন, বাদীপক্ষকে অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কালুখালীতে ইমাম সম্মেলন
পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা\ রাজবাড়ীর কালুখালী উপজেলায় কর্মরত ইমামদের নিয়ে বুধবার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কালুখালী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এ সম্মেলনের আয়োজন করে। সভায় কলেজের অধ্যক্ষ একে এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদ হোসেন খান।
সংখ্যালঘু সমপ্রদায়ের উপর হামলার প্রতিবাদে স্বরূপকাঠিতে মানববন্ধন
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা\ সংখ্যালঘু সমপ্রদায়ের পরিবার ও তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে স্বরূপকাঠিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ। গতকাল শুক্রবার উপজেলা কেন্দি শহীদ মিনার সংলগ্ন সড়কে ওই মানববন্ধনে শত শত সংখ্যালঘু পরিবারের সদস্যরা অংশ নেয়।
সেনবাগে আওয়ামী লীগের বিক্ষোভ
সেনবাগ সংবাদদাতা\ চিহ্নিত যুদ্ধাপরাধীদের ফাঁসি, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি ও হরতাল নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সন্ধ্যায় সেনবাগ পৌর শহরের দক্ষিণ বাজার থেকে সেনবাগ পৌর আওয়ামী লীগের সভাপতি নুরেজ্জামান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল আজিম চৌধুরীর নেতৃত্বে মিছিলটি বের হয়।
ডোমারে গৃহবধূর ৩ কেজি ওজনের টিউমার অপারেশন
ডোমার (নীলফামারী) সংবাদদাতা\ নীলফামারী ডোমার উপজেলায় এক গৃহবধূর ৩ কেজি ওজনের টিউমার অপারেশন করা হয়েছে। বৃহস্পতিবার ডোমার ফেন্ডস হসপিতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের মৌজা পাঙ্গা সবুজ পাড়া গ্রামের নোকারাম বর্মণ রায়ের স্ত্রী বিষ বালা (৪৫)’ এর পেট থেকে টিউমার অপারেশন করা হয়।
কসবায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠন
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ বৃহস্পতিবার কসবা উপজেলা প্রশাসন আয়োজিত সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠন উপলক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিতে বিশেষ সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ভুঁইয়া বকুল।
মুরাদনগরে বিএনপি-জামায়াতের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
হোমনা সংবাদদাতা\ কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপি ও জামায়াতের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মুরাদনগর থানায় পৃথক দু’টি মামলা হয়েছে। মঙ্গলবার হরতাল চলাকালে টনকি বাসস্টেশনে ককটেল বিস্ফোরণের অভিযোগে মুরাদনগর থানা এসআই নূরুল আমিন বাদি হয়ে বিস্ফোরক আইনে মামলা করে।
আদমদীঘিতে বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভা
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ জামায়াত-শিবির কর্তৃক সারা দেশে হিন্দু সমপ্রদায়ের মন্দিরে ভাঙচুর বাড়ি-ঘরে হামলা অগ্নি সংযোগ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শুক্রবার বগুড়া আদমদীঘি উপজেলা বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সহ সভাপতি ঈশ্বর কুমার পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক অরুন কুমার সরকার।
নারী দিবস উপলক্ষে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন
পঞ্চগড় প্রতিনিধি \ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন হয়েছে। গত বুধবার বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবে বিকাশ বাংলাদেশের সহযোগিতায় জেলা চেঞ্জমেকার কমিটি ও আমরাই পারি জেলা জোট এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিকাশ বাংলাদেশের নির্বাহী পরিচালক এম এ প্রধান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল আলম সফিক, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, আলমগীর জলীল প্রমুখ।
গোমস্তাপুরে ব্র্যাকের কর্মশালা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে লোকাল কমিউনিটি লিডারদের নিয়ে এক কর্মশালা বুধবার দুপুরে আলিনগর ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক আইন সহায়তা কর্মসূচি আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য জালালউদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের সিএলসি ফ্যাসিলেটেটর মিজানুর রহমান। কর্মশালায় ইউপি সদস্য ইমাম, কাজী, এনজিও কর্মীসহ বিভিন্ন স্তরের ২৫ জন প্রতিনিধি অংশ নেয়।
মাদারীপুরে অস্ত্রসহ যুবক গ্রেফতার
মাদারীপুর প্রতিনিধি \ জেলা সদরের কুলপদ্বি এলাকা থেকে ডিবি পুলিশ বুধবার সন্ধ্যার পর ৭ রাউন্ড গুলিভর্তি একটি পিস্তলসহ তরুণ কুন্ডু নামের এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তরুণকে গ্রেফতার করা হয়। অস্ত্র আইনে মাদারীপুর থানায় মামলা হয়েছে।
শেরপুরে যাত্রীবাহী বাস চাপায় শিশু নিহত
শেরপুর প্রতিনিধি \ গত বুধবার বিকালে সদর উপজেলার কানাশাখোলা মোড়ে শেরপুর থেকে ঢাকাগামী ড্রীমল্যান্ড পরিবহনের একটি বাসের চাপায় রাস্তা পারাপারের সময় ৭ বছর বয়সী এক শিশুকন্যা নিহত হয়েছে। নিহত জরিনা বেগম (৭) স্থানীয় প্রাইমারী স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী এবং কানাশাখোলা গ্রামের শাহজামাল মিয়ার মেয়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুকন্যা জরিনা স্কুল থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তা পারাপারের সময় বাসটি তাকে চাপা দেয়। ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
