চট্টগ্রামে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত সমাবেশে বক্তারা ধর্মদ্রোহীদের ফাঁসির বিধান রেখে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। তারা বলেন, নাস্তিকদের ফাঁসির আইন পাস না করলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না। প্রয়োজনে লংমার্চ করে ঢাকা ঘেরাও করা হবে। বক্তারা আলেমদের হয়রানি বন্ধ না করলে লাগাতার হরতাল ডাকার হুমকি দেন।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালদীঘির পাড়ে গিয়ে শেষ হয়।
মাওলানা মুঈনুদ্দিন রূহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবদুর রহমান চৌধুরী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মুফতি হারুন ইজহার, মাওলানা কাতেব ইলিয়াস উসমানী, মাওলানা ক্বারী ফজলুল করিম জিহাদী, মাওলানা আলী ওসমান, মুফতি আবদুল ওয়াহহাব প্রমুখ। হেফাজতে ইসলামের এ কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। সমাবেশস্থলের আশপাশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।
