দশজন নিয়েও মিলানের জয়

আপডেট : ০৯ মার্চ ২০১৩, ২১:৪১
গিয়ামপাওলো পাজ্জিনি ও মারিও বালোতেল্লির গোলে ভর করে শুক্রবার সিরিএ-তে দশজনের এসি মিলান জেনোয়াকে ২-০ গোলে পরাজিত করে। সিরিএ-তে টানা দশ ম্যাচে অপরাজিত থাকার পাশাপাশি পয়েন্ট টেবিলে নিজেদের তৃতীয় স্থান আরো সুসংহত করলো ম্যাসমিলানো অ্যালেগ্রির দল। ম্যাচের ২৫ মিনিটে পাজ্জিনিকে বসিয়ে মাঠে নামানো হয় বালোতেল্লিকে। এর তিন মিনিট আগে পাজ্জিনিই দলকে প্রথম গোল এনে দেন। ম্যাচের ৬০ মিনিটে বালোতেল্লি মিলানের হয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন। পাঁচ ম্যাচে বালোতেল্লির গোল সংখ্যা পাঁচটি। তবে ম্যাচের ৬৫ মিনিটে কেভিন কনসটেন্ট জোড়া হলুদ কার্ড নিয়ে মাঠ ছাড়লে দশজনের দল হয়ে যায় মিলান। তবে এর আগেই দুই গোলে এগিয়ে যাওয়া মিলানের জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি। সিরিএ-তে ২৭ খেলা শেষে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। ছয় পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নাপোলি। এক ম্যাচ বেশি খেলে মিলান ৫১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে। আজ রবিবার ইন্টার মিলান লড়বে বোলোনিয়ার বিপক্ষে। ম্যাচটিতে ইন্টার জয় পেয়ে গেলে তাদের পয়েন্ট হবে ৫০। ফলে তৃতীয় স্থানেই থাকছে মিলান। ল্যাতসিও ইন্টারের সমান ৪৭ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে। গোল ব্যবধানের জন্য চতুর্থ স্থানে ইন্টার মিলান। এই এসি মিলান চলতি মৌসুমের প্রথম আট ম্যাচের পাঁচটিতে হেরে গিয়েছিল। মিলান এখন চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে দৃষ্টি রেখেছে। কারণ তারা শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে। আগামী মঙ্গলবার ফিরতি লেগের লড়াই ন্যু ক্যাম্পে। মিলান কোচ ম্যাসমিলানো অ্যালেগ্রি বলেন, ‘তৃতীয় স্থান ধরে রাখার এটাই আমাদের সেরা জয়। এই মনোযোগ ধরে রেখেই এখন বার্সেলোনায় যাবো আমরা। এই ম্যাচটির জন্য আমরা যতটা সম্ভব প্রস্তুতি নেবো।’