প্রশাসনের কোনো অনুমতি না নিয়েই পার্শ্ববর্তী আরেকটি সড়ক উন্নয়নের কাজের কথা বলে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পইকুরাটি ও সেলবরষ ইউনিয়নের মধ্যবর্তী বাদশাগঞ্জ-খলাপাড়া সড়কের ইট তুলে নেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সকাল থেকে সেলবরষ ইউনিয়নে এক আওয়ামী লীগ নেতা সড়কে ৪/৫ জন শ্রমিক নিয়োজিত করে ইট তোলার কাজ শুরু করেছেন। এতে করে সড়কটির বিভিন্ন স্থানে গর্ত হয়ে পড়েছে। বিষয়টি জানলেও সংশ্লিষ্ট প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে এখানকার ছয়টি গ্রামের পাঁচহাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগ নেমে এসেছে।
আওয়ামী লীগের ওই নেতা দাবি করেন, সংসদ সদস্যের নির্দেশে পাশের আরেকটি সড়ক পাকাকরণের জন্য তিনি শ্রমিক নিয়োজিত করে এ সড়ক থেকে ইট তুলে নেয়ার কাজ শুরু করেছেন। ইউএনও মোহাম্মদ খালেদুর রহমান বলেন, এ সড়ক থেকে ইট তুলে নেয়ার জন্য প্রশাসন থেকে কাউকে কোনোরকম অনুমতি দেয়া হয়নি।
