বেগমগঞ্জের একমাত্র ফসল বোরো ধানে সেচের পানির সংকট দেখা দেয়ায় ধানগাছ লাল হয়ে যাচ্ছে। ভাটির সময় খালে বাঁধ দিয়ে পানি আটক না করায় এ সংকট দেখা দিয়েছে। ফলে বেগমগঞ্জে বোরো ফসল হুমকির মধ্যে পড়তে পারে।
বেগমগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার সাথে আলাপ করে জানা যায়, বেগমগঞ্জ নোয়াখালী জেলার মধ্যে নিচু বিধায় বর্ষাকালে চারদিকের পানি এসে মাঠ-ঘাট পানিতে তলিয়ে যায়। ফলে বেগমগঞ্জে আউশ ও আমন ফসল হয় না। ভাটির সময় খালে বাঁধ দিয়ে পানি আটক করে শীতকালীন বোরো চাষ করা হয়। খালের আটককৃত পানি দিয়ে বেগমগঞ্জে প্রায় ১৬ হাজার হেক্টর জমিতে বোরো চাষ হয়। ভাটির সময় সময়মত বাঁধ না দিতে পারলে বোরো চাষে পানি সংকট দেখা দেয়।
এ বছর উপজেলা পরিষদ থেকে খালে বাঁধ দেয়ার জন্য বরাদ্দ না থাকায় উপজেলার অভ্যন্তরীণ খালসমূহের পানি নেমে যায়। বর্তমানে বোরো চাষের মাঝামাঝি সময়ে পানি সেচের প্রয়োজন মুহূর্তে অভ্যন্তরীণ খালসমূহ পানিশূন্য হয়ে পড়েছে। ফলে পানির অভাবে বেগমগঞ্জের একলাশপুর, শরীফপুর, রাজগঞ্জসহ বিভিন্ন এলাকায় বোরো ধান লাল হয়ে যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এ বছর যদি বৃষ্টি না হয়, তাহলে বেগমগঞ্জে পানি সংকটের কারণে বোরো উত্পাদনে সংকট সৃষ্টি হতে পারে।
