দেলদুয়ারের মাধ্যমিক স্কুলে বই সংকট

আপডেট : ০৯ মার্চ ২০১৩, ২১:৫১
যেখানে বছরের শুরুতে ছাত্র-ছাত্রীদের বই হাতে পাওয়ার কথা, সেখানে প্রায় ৩ মাস অতিবাহিত হলেও এখনও অনিশ্চয়তায় রয়েছে দেলদুয়ারের মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা। অনেক তদবির করেও চাহিদা অনুযায়ী বই পাচ্ছে না উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, বইয়ের জন্য তারা যে চাহিদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিল সে অনুযায়ী তারা বই পায়নি। অনেক কম বই দেয়া হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী মির্জাপুর উপজেলা থেকে ৮০ সেট বই আনার পরও প্রায় ৫ হাজার বই সংকট রয়েছে। এর মধ্যে ষষ্ঠ শ্রেণিতে ৩ হাজার ২শ’, সপ্তম শ্রেণিতে ৮শ’, অষ্টম শ্রেণিতে ৮শ’ এবং নবম শ্রেণিতে বিজ্ঞান বিভাগের প্রায় ৪শ’ বইয়ের সংকট রয়েছে। এদিকে বাজারে গাইড বই নিষিদ্ধ থাকায় বিপাকে পড়েছে ছাত্র-ছাত্রীরা। দেলদুয়ার শাফিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিরা খাতুন জানান, তার বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির প্রায় ৫শ’, ৮ম ও ৯ম শ্রেণির বিভিন্ন বই সংকট রয়েছে। জাঙ্গালিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, তার বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ৮শ’, ৭ম শ্রেণিতে ২শ’ ২৪, ৮ম শ্রেণিতে ২শ’ ৫৬, ৯ম শ্রেণিতে ৭৫ কপি বই বাকি রয়েছে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকেয়া খাতুন বলেন, আমরা বিভিন্ন উপজেলা থেকে বই সংগ্রহের চেষ্টা করে যাচ্ছি।