প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব:) আরীফ আহমেদ সিদ্দিকী আরসিডিএস-পিএসসি বলেছেন, মহান স্বাধীনতা কৃষক-শ্রমিক থেকে শুরু করে আমাদের সবার অর্জন। তিনি গত শুক্রবার কুমিল্লা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ‘স্তব্ধতার বুক চিরে, চলো মাতিয়ে উল্লাসে’ এই শ্লোগানে কুমিল্লা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র সংগঠন ‘এসোসিয়েশন অব ওল্ড ক্যাডেটস’ সংগঠনের সভাপতি আরএইচএম হাসান আলফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যাডেট কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মেজর জেনারেল আশরাফ আব্দুল্লাহ ইউসুফ, কুমিল্লা ক্যাডেট কলেজের অধ্যক্ষ তসলীম উদ্দিন প্রমুখ। এর আগে বেলা ১১টায় প্রধান অতিথি পায়রা উড়িয়ে তিন দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে তিনি প্যারেড পরিদর্শন শেষে ক্যাডেট কলেজ আঙ্গিনায় একটি ফলদ বৃক্ষ রোপণ করে মোনাজাতে অংশ নেন। এছাড়াও তিনি একটি দেয়ালিকা প্রদর্শনী ঘুরে দেখেন। সবশেষে প্রধান অতিথি প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।
