প্রতারণার মাধ্যমে বেতন ভাতা উত্তোলনের অভিযোগে বরিশালের গৌরনদীর এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে স্বয়ং উপজেলা নির্বাহী কর্মকর্তা মামলা দায়ের করেছেন। জানা গেছে, অনিয়মতান্ত্রিকভাবে ম্যানেজিং কমিটি গঠন করার অভিযোগে মাদ্রাসা শিক্ষাবোর্ড ২০১২ সালের ১ আগষ্ট উপজেলার হোসনাবাদ এলাকার মোল¬া মুজিবুর রহমান দাখিল মাদ্রাসার কমিটি ভেঙ্গে দিয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি মনোনয়ন করে এডহক কমিটি গঠনের নির্দেশ প্রদান করে। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহাম্মাদ মাকসুদ চৌধুরী জানান, তিনি মাদ্রাসা বোর্েডর নির্দেশে একই বছরের ৪ ডিসেম্বর এডহক কমিটি গঠন করে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। এরপর ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আবদুল করিম হাওলাদার গত নভেম্বর মাসের মাদ্রাসার শিক্ষকদের বেতন বিলের জন্য নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর করিয়ে রূপালী ব্যাংক, শিকাপুর শাখা থেকে টাকা উত্তোলন করেন। কিন্তু ডিসেম্বর মাসের বিলে নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর না নিয়ে ভারপ্রাপ্ত সুপার মাদ্রাসা বোর্ড কর্তৃক বাতিল হওয়া কমিটির সভাপতির দ্বারা স্বাক্ষর করিয়ে জালিয়াতির মাধ্যমে একই ব্যাংক থেকে বেতন বিল উত্তোলন করেন। জালিয়াতির বিষয়টি জানতে পেরে নির্বাহী কর্মকর্তা বাদী হয়ে গত ১৩ ফেব্রুয়ারী মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে গৌরনদী থানায় মামলা দায়ের করেন। তবে পুলিশ ওই মাদ্রাসার সুপারকে গ্রেফতার করতে পারেনি।
