নাটোরের সিংড়ায় দালালের খপ্পরে পরে নিঃস্ব হয়েছে ১০টি পরিবার। সেই সাথে মালয়েশিয়া যাওয়ার স্বপ্নও শেষ হয়ে গেছে তাদের। পাসপোর্ট ভিসাসহ বিদেশে যাবার যাবতীয় খরচ বাবদ তাদের কাছ থেকে ২/৩ লাখ টাকা করে নেয়া হয়েছে। প্রকাশ, প্রতারণার শিকার হয়েছে সোনাপাতিল গ্রামের তুহিন, শামীম, হিজলী গ্রামের খায়রুল, কয়রাবাড়ী গ্রামের আরিফুল ইসলাম।
প্রতারিত যুবক আরিফুল ইসলাম জানান, নন্দীগ্রাম উপজেলার গুছন গ্রামের প্রতারক মোস্তাফিজুর রহমান সিংড়া উপজেলার মালকুড় গ্রামে বিয়ে করেন। সেই সুবাদে এলাকার বিভিন্ন মানুষের সাথে তার সখ্যতা। তিনি বিভিন্ন জনের কাছ থেকে আড়াই লক্ষ টাকার বিনিময়ে জরুরি ভিত্তিতে মালয়েশিয়া নিয়ে যাবে বলে জানান। তিনি আরও বলেন, মোস্তাফিজ আমার কাছ থেকে ২ লক্ষ ১০ হাজার টাকা নেয়। পরে বার বার চাপ দেয়ার পর চোখের চিকিত্সার জন্য আমাকে একটি ভিসা দেয় যা কোন কাজে আসেনি। এ বিষয়ে মোস্তাফিজুর রহমানের সাথে বার বার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
সিংড়া থানার ওসি এ.এইচ.এম ফয়জুর রহমান বলেন, এ বিষয়ে থানায় কোন অভিযোগ এখনো কেউ করেনি।
