সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৯ মার্চ ২০১৩, ২১:৫৪
ফরিদপুরের বৃহত্তর পাট বাজারে আগুন ফরিদপুর প্রতিনিধি \ ফরিদপুরের কানাইপুর বাজারের পাটের বাজারে মোকামে এক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বাজারের ১০ টি পাটের গুদামসহ কমপক্ষে ৫০টি দোকান। শুক্রবার দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ কোটি টাকার পাটসহ মালামাল পুড়ে গেছে বলে সূত্রে জানা গেছে। গাজীপুরে ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদ গাজীপুর প্রতিনিধি \ গাজীপুরে ছাত্রলীগ নেতা ও সিটি নির্বাচনের কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল মামুন মণ্ডলের ওপর হামলার প্রতিবাদে এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে শুক্রবার গাজীপুর সদরের সাইনবোর্ড এলাকায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। কাপাসিয়ায় সিংগুয়া হাইস্কুলের সুবর্ণজয়ন্তী কাপাসিয়া সংবাদদাতা \ গাজীপুরের কাপাসিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী সিংগুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি আব্দুল কাদির মোল্লা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আ. ওহাব বন্ধুকসীর সভাপতিত্বে বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক ড. রাখাল চন্দ্র বর্মন, গাজীপুরের ভাওয়াল রত্ন মো. নূরুল ইসলাম, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন আলী, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ দেলওয়ার হোসেন, শাহাদাত হোসেন বিপ্লব প্রমুখ। নাসিরনগরে আন্তঃ জেলা ডাকাত সর্দার গ্রেফতার নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ বিভিন্ন সড়ক ও বাড়িতে ডাকাতির ঘটনায় এক আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার ও একাধিক মামলার পলাতক আসামি সুলতান মিয়াকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার উপজেলার চিতনা এলাকা থেকে নাসিরনগর থানার এস আই আকরাম হোসেনের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাত উপজেলার চিতনা গ্রামের সিদ্দিক মিয়ার পুত্র। নেত্রকোনায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন নেত্রকোনা প্রতিনিধি\ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সারাদেশে সন্ত্রাস বিরোধী কমিটি গঠনের জন্য প্রতি জেলায় যে নির্দেশনা পাঠানো হয়েছে তারই আলোকে গতকাল শুক্রবার নেত্রকোনায় বিভিন্ন শ্রেণী-পেশার লোকদের নিয়ে ৭৭ সদস্যবিশিষ্ট সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠন করা হয়। নেত্রকোনা জেলা প্রশাসক আনিস মাহমুদকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়। রায়পুরায় ভক্ত সম্মেলন শুরু রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা\ রায়পুরা উপজেলার তুলাতলী বাজার সংলগ্ন মাঠে রবিবার থেকে শুরু হয়েছে ২ দিনব্যাপী দয়াল বাবা লালমিয়া শাহ’র ৪র্থ বার্ষিক ভক্ত সম্মেলন। চলবে আগামীকাল সোমবার পর্যন্ত। মনোহরগঞ্জে এলজিএসপি প্রশিক্ষণ কর্মশালা মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা\ গতকাল শনিবার কুমিল্লার মনোহরগঞ্জে এলজিএসপি (লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট)-এর এক প্রশিক্ষণ কর্মশালা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহেদুর রহমান। গোয়ালন্দের তিন ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড গোয়ালন্দ সংবাদদাতা \ রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে শুক্রবার মধ্যরাতে আগুন লেগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা দাবি করেছে। প্রাথমিকভাবে দোকানীরা নাশকতার অভিযোগ করেছে। নালিতাবাড়ীতে বার্ষিক ইসলামী মহাসম্মেলন নালিতাবাড়ী সংবাদদাতা\ শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের তারাগঞ্জ মধ্যবাজার বড় মসজিদ-রহমানিয়া হাফেজি মাদরাসা ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আজ রবিবার বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। হযরত মাওঃ কফিলউদ্দিনের সভাপতিত্বে দেশের বিশিষ্ট ও খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও ওলামায়ে কেরামরা মহাসম্মেলনে ওয়াজ করবেন। ফুলপুরে খড়বোঝাই ট্রাক ভস্মীভূত ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা\ শুক্রবার রাতে ঢাকা-শেরপুর মহাসড়কের ফুলপুর ইমাদপুরে নালিতাবাড়ী থেকে ঢাকাগামী খড়বোঝাই একটি ট্রাকে আগুন লেগে ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে ফুলপুর ও ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বড়লেখার ৩ দোকানে দুর্বৃত্তের আগুন কুলাউড়া সংবাদদাতা\মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বাংলাবাজারে শুক্রবার রাতে দুর্বৃত্তরা সংখ্যালঘু সমপ্রদায়ের ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। দোকানগুলোর মধ্যে রয়েছে: লাল মোহন দাসের ও শ্রীবাস দাসের ২টি ভুষি মালের দোকান এবং মনিস দাসের ১টি ফার্মেসী। বড়লেখা থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কুমিল্লায় অগ্নিকাণ্ডে ১৯টি দোকান ভস্মীভূত কুমিল্লা প্রতিনিধি\ কুমিল্লা মহানগরীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার রাতে বিদ্যুতের শর্ট সাকির্ট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। লালমোহনে যুবলীগ নেতার বাড়িতে হামলা লালমোহন (ভোলা) সংবাদদাতা\ লালমোহনে যুবদল নেতাকে পিটিয়ে হাত-পা থেঁতলে দিয়েছে ক্যাডার বাহিনী। শুক্রবার সন্ধ্যায় লালমোহন বাজারের সাবেক বিনোদন সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে যুবলীগ নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। শালিখায় নিপা ভাইরাসে শিশুর মৃত্যু শালিখা (মাগুরা) সংবাদদাতা \ নিপা ভাইরাসে আক্রান্ত শালিখার ঘোষগাতি গ্রামের শিশু আব্দুল্লাহ (২) মারা গেছে। গত রবিবার খেজুরের রস পান করে এবং পরেরদিন ভাইরাসে আক্রান্ত হয়। হাসপাতালে চিকিত্সারত অবস্থায় শুক্রবার রাতে মারা যায়। উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে রোগ বিস্তার রোধে এলাকায় ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেনবাগে ছাত্রলীগের সম্মেলন সেনবাগ সংবাদদাতা\ নোয়াখালী সেনবাগ উপজেলা অর্জুনতলা ইউনিয়ন ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার স্থানীয় ছিলোনীয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল্লা আল জুবায়ের। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান। ছাগলনাইয়ায় বিক্ষোভ মিছিল ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা \ আল্লাহ ও রাসূলকে (সা.) কটাক্ষকারী নাস্তিকদের ফাঁসির দাবিতে ছাগলনাইয়া পৌর শহরের কলেজ রোডে ও মাস্টারপাড়ায় গত শুক্রবার বাদ জুমা কয়েকটি মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারী তৌহিদী জনতার দাবি ছিলো নাস্তিকদের ফাঁসি এবং বাম রাজনীতি নিষিদ্ধ। ধামইরহাটে ওয়াক্ফ মার্কেটের ভিত্তি স্থাপন ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা\ নওগাঁর ধামইরহাট উপজেলায় ওয়াক্ফ স্টেটের মার্কেট নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার শিবরামপুর মৌজার নয়াপুকুর মোড়ে উত্তরবঙ্গের পীরে কামেল মরহুম হযরত কোরবান আলী সাহেবের নাতনী জামাই হযরত মওলানা আ. ছালাম উক্ত ভিত্তি স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মওলানা আবুবক্কর সিদ্দিক, আলতাফ মন্ডল প্রমুখ। আড়াইহাজারে দুই বাড়িতে ডাকাতি গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ আড়াইহাজারে এক রাতে ২ বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দী গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। গ্রামের ডা. রব মিয়া ও তার ভাই মুক্তিযোদ্ধা কালাম মাস্টারের বাড়িতে ১২/১৩ জনের মুখোশ পরিহিত ডাকাতদল হামলা চালিয়ে বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪৫ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ও কাপড়-চোপড়সহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুটে নেয়। ছাতকে মহিলা শ্রমিকসহ আহত ২০ ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা \ ছাতকে পাথর চাপায় মহিলাসহ ২০ পাথর শ্রমিক আহত হয়েছে। আহতদের ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার পৌর শহরের শ্যামপাড়া একটি ক্রাশার মিলে এ ঘটনা ঘটে। পৌর শহরের শ্যামপাড়া এলাকার মুকিত মিয়ার ক্রাশার মিলের ডাম্পিং সাইটে স্টককৃত পাহাড়সম পাথরস্তূপে প্রতিদিনের মতো পাথর শ্রমিকরা কাজ করছিল। হঠাত্ পাথর ধসে ২০ শ্রমিক আহত হয়। মিঠাপুকুরে ভয়াবহ অগ্নিকাণ্ড মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শনিবার এমাদপুর ইউনিয়নে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চরপাড়া গ্রামের মঞ্জুরুল ইসলামের বাড়িতে। হরিণাকুণ্ডে যুবক খুন হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা\ হরিণাকুণ্ডু উপজেলার নারায়ণকান্দি মাঠে অজ্ঞাত সন্ত্রাসীরা নারায়ণকান্দি গ্রামের কলম (৩০) নামে একজনকে গলা কেটে হত্যা করেছে। কলম নারায়ণকান্দি গ্রামের দুলাল মণ্ডলের ছেলে। দুর্গাপুরে নারী দিবসের অর্থ আত্মসাত রাজশাহী অফিস\ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সরকারি-বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। তবে দুর্গাপুর মহিলাবিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচি পালনের সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। দুর্গাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন। নওয়াপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড অভয়নগর (যশোর) সংবাদদাতা\ যশোরের শিল্প শহর নওয়াপাড়ায় সাতটি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দোকানের সকল মালামাল পুড়ে গেছে। ক্ষতি হয়েছে প্রায় অর্ধকোটি টাকা। ঘটনাটি ঘটেছে, গত শুক্রবার রাত ৩টার সময় নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠ সংলগ্ন গার্মেন্টস পট্রিতে। কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করে বলা না গেলেও ব্যবসায়ীদের অভিযোগ শত্রুতামূলকভাবে কে/কারা গভীর রাতে অগ্নিসংযোগ করেছে। সৈয়দপুরে কেরোসিন পান করে শিশুর মৃত্যু সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা\ নীলফামারী জেলার সৈয়দপুরে কেরোসিন তেল পান করে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের বাঁশবাড়ী ময়েজ কলোনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, জ্বালানি কাজে ব্যবহারের জন্য কেরোসিন তেল রান্নাঘরে চুলার পাশে রাখা ছিল একটি আরসির বোতলে। তা দেখে সকলের অজান্তে মাহফুজ (২) শিশু পান করে ফেলে।