গত ১ মার্চ সকালে বড় ভাই নূরুন্নবীর সাথে বাজারে দোকানের খোঁজ নিতে গিয়েছিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরান গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে শরিফুল ইসলাম (৩৫)। কিন্তু তার আর বাড়ী ফেরা হল না। জামায়াত-শিবিরের দুর্বৃত্তরা চোখ উপড়ে এবং জিহ্বা কেটে দিয়ে পৈশাচিক কায়দায় তাকে হত্যা করে। পারিবারিক সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবির কর্মীরা সুন্দরগঞ্জ উপজেলার প্রত্যন্ত পল্লীর হাট-বাজারের দোকানপাটেও হামলা চালায়। গংসারহাট বাজারে শরিফুলের বড় ভাই নূরুন্নবীর দোকানও ভাংচুরের শিকার হয়। পরদিন সকালে বড় ভাইয়ের সাথে শরিফুল বাজারে ধ্বংস হওয়া দোকানের খোঁজ-খবর নিতে যায়। সেখানে স্থানীয় কয়েকজন জামায়াত-শিবির কর্মীর সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা শরিফুলকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এরপর মুত্যু নিশ্চিত করতে পৈশাচিক কায়দায় তার চোখ উপড়ে ফেলে এবং জিহ্বা কেটে নেয়। এ সময় তাকে বাঁচাতে এসে আরো ৭/৮ জন দোকানি আহত হয়।
স্ত্রী মিনারা বেগম জানান, তার স্বামী রিকশা চালাতেন। প্রতি মাসে একবার বাড়ী আসতেন। তখন ওই বাজারে পান-সিগারেটের দোকানদারি করতেন। সর্বশেষ ২৫ ফেব্রুয়ারি বাড়ী আসেন। এবারের বাড়ি ফেরাই কাল হল তার। দুই সন্তান নিয়ে সংসার কিভাবে চালাবেন ভেবে দিশেহারা তিনি।
