দেশের অন্যতম প্রধান নারকেল উত্পাদনকারি এলাকা দক্ষিণ পশ্চিমের জেলাগুলোতে নারকেল গাছে মাকড়ের আক্রমণ ছড়িয়ে পড়েছে। এতে এ অঞ্চলে নারকেলের উত্পাদন ব্যাপক কমে যাচ্ছে। নারকেলের ভিতরের শাঁস নষ্ট হয়ে যাচ্ছে। নারকেলে মাকড়ের আক্রমণের ব্যাপারে চাষিরা এখনো অজ্ঞ। ইতিমধ্যে উত্পাদন ৫০ ভাগ হ্রাস পেয়েছে।
প্রথমে সাতক্ষীরা জেলাতে নারকেল বাগানে মড়ক শুরু হয়। এরপর অন্য জেলাতেও বিস্তার ঘটে। এ মাকড় এত ক্ষুদ্র যে, খালি চোখে দেখা যায় না। এরা প্রথমে নারকেলের কচি পাতা ও বোঁটার সাথের চাকতির নিচের নরম অংশে বাসা বাঁধে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) নারকেল বিশেষজ্ঞ ড. নাজিউল ইসলাম জানান, এ মাকড়ের জীবনকাল ৭ দিন। ৩ দিন বয়স হলে বংশ বিস্তার শুরু করে। কচি ডাবের নরম অংশ ছিদ্র করে করে রস চুষে খায়। নারকেলের বৃদ্ধি থেমে যায়। কালো দাগ পড়ে, ভিতরে শাঁসের পরিমাণ কমে যায়। আর কচি ডাব ঝরে পড়ে। তিনি জানান, প্রথম ফল ধরলে কেটে ফেলে ওমাট বা ভাটিমেক কীটনাশক সেপ্র করতে হবে। তারপর ২ মাস অন্তর অন্তর কীটনাশক সেপ্র করতে হবে। মাকড়ের আক্রমণ প্রতিরোধে যশোরের বাঘারপাড়াতে গবেষণা শুরু হয়েছে বলে তিনি জানান।
