রাখে আল্লাহ মারে কে!

আপডেট : ১০ মার্চ ২০১৩, ২০:৪৮
মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সত্যিই যেন গাজী হয়ে রইলেন মোখলেছ গাজী(৬৫) । মৃত্যুর খবর প্রচারের ২০ দিন পর সশরীরে ফিরে এলেন আড়াইহাজারের মুড়ি বিক্রেতা মোখলেছ হোসেন গাজী। ভয়াবহ মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত মোখলেছ হোসেনকে কেউ দেখার আগেই ঢামেক হাসপাতালে নিয়ে যায় মোটর সাইকেল চালকের লোকজন। ফলে ভ্রাম্যমাণ এই মুড়ি বিক্রেতা মারা গেছে বলে এলাকায় শোকসংবাদ প্রচারিত হয়। তাঁর কুলখানি উপলক্ষে মহল্লার মসজিদে বিশেষ দোয়াও পড়ানো হয়। কিন্তু ঘটনার ২০দিন পর জীবিত ফেরেন তিনি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। জানা গেছে, মোখলেছ হোসেন গাজী দীর্ঘদিন ধরে উপজেলার রোকনউদ্দিন মোল্লা গার্লস কলেজের গেটে ঝালমুড়ি বিক্রি করে আসছিলেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে বৃদ্ধ মোখলেছ যখন মৃত্যুর সাথে লড়ছিলেন তখন উপজেলায় মসজিদে মসজিদে তার মৃত্যুসংবাদ প্রচারিত হয়। চারদিনে যথারীতি কুলখানি অনুষ্ঠিত হয় এলাকাবাসীর চাঁদার টাকায়। এতকিছুর পর ২০দিনের মাথায় তিনি ফিরে এসে সবাইকে তাক লাগিয়ে দেন। মোখলেছ গাজী তার দুর্ঘটনা পরবর্তী সকল ঘটনার বর্ণনা দেন।