শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের কাঁচবালি ও পাথর তুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। উপজেলার দাওধারা-কাটাবাড়ি ও ঢালুকোনা ঘুরে এমন দৃশ্যই চোখে পড়ে। পাহাড়ি টিলার ফাঁকে ফাঁকে সমতল আবাদি জমিতে ড্রেজার বসিয়ে উত্তোলন করা হচ্ছে সাদা কাঁচবালি, আর ছোট নুড়ি পাথর। এসব পরিবহনের জন্য পাহাড়ের টিলা বন-জঙ্গল কেটে নিজস্ব উদ্যোগে তৈরি করা হয়েছে রাস্তা। প্রতিদিন এভাবে ট্রাকে করে সাদা কাঁচবালি আর নুড়ি পাথর নিয়ে ছুটছে রাজধানীসহ আশপাশ এলাকায় এবং সিরামিক কারখানা ও বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানে। স্থানীয় বাসিন্দা যশোয়া রেমা (৭৫) ও এলবাট (৩৫) জানান, একসময় এই পাহাড়ে বনমোরগ, শূকর, সজারু, বন্য কুকুর ও নানা প্রজাতির পশু-পাখি দেখা যেতো। কিন্তু মানুষের অত্যাচারে বিশেষ করে পাহাড় আর বন-জঙ্গল কেটে ফেলায় এবং পাহাড়ের ভিতরে ইঞ্জিনচালিত যন্ত্রের শব্দে প্রাণীদের বসবাসের উপযোগিতা নষ্ট হয়েছে। ফলে মাঝে-মধ্যে দু’একটি বনমোরগ চোখে পড়লেও অন্য কোনো প্রাণীদের তেমন একটা দেখা যায় না। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদ আলী জানান, পাহাড় কেটে পাথর উত্তোলনের নিয়ম নেই। কেউ এই কাজটি করে থাকলে তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে। মধুটিলা রেঞ্জের জিল্লুর রহমান জানান, বিষয়টি আমাদের জানা নেই।
