আদমদীঘিতে মেম্বরের বিরুদ্ধে গৃহবধূ অপহরণ মামলা

আপডেট : ১০ মার্চ ২০১৩, ২০:৫১
বগুড়ার আদমদীঘির সাওইল থেকে এক গৃহবধূকে অপহরণ করে গোপন স্থানে আটক রাখার অভিযোগে সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। নওগাঁর আত্রাই উপজেলার বহলা গ্রামের বাসিন্দা ভিকটিমের মা বাদী হয়ে সাওইল উত্তরপাড়ার নূরুল ইসলামের পুত্র সাবেক ইউপি মেম্বর বাদেশ আলীর বিরুদ্ধে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ মামলা দায়ের করলে আদালত অভিযোগটি আমলে নিয়ে ওসি আদমদীঘিকে এজাহার হিসেবে গণ্য করে তদন্তের নির্দেশ দিলে গত শুক্রবার থানায় মামলাটি এজাহারভুক্ত করা হয়। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বাদীণির কন্যার সাথে সাওইল গ্রামের হবিবর রহমানের পুত্র আব্দুল খালেকের ১৯৯৬ সালে বিয়ে হয়। তাদের তিনটি সন্তান রয়েছে। স্বামীর পাশের বাড়ির বাদেশ আলী বিভিন্ন সময় ভিকটিমকে কুপ্রস্তাব এবং স্বামীকে তালাক দিয়ে তাকে বিয়ে করার প্রস্তাব দেয়। মেয়েটি ঘটনাটি তার স্বামী ও মাকে জানান। এদিকে গত ১৮ ফেব্রুয়ারি আসামি বাদেশ আলী তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে বলে অভিযোগ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঐ গৃহবধূর সন্ধান মেলেনি।