মিঠাপুকুর থানার এক পুলিশ অফিসার নিখোঁজ হওয়ার ২ দিন পর তাকে গত শুক্রবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিঠাপুকুর থানায় কর্মরত এএসআই আব্দুর রহিম বুধবার রাতে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুরে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে তার কোন সন্ধান না পাওয়ায় থানা পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিতে থাকে। এক পর্যায়ে শুক্রবার দুপুরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, বুধবার রাতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে বেদম মারপিট করে তার সাথে থাকা অস্ত্র, মোটর সাইকেল, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে রাস্তার পাশে ফেলে রাখে।
