বিরোধীদল মৌলবাদীদের প্রশ্রয় দিয়ে দেশব্যাপী হত্যা লুণ্ঠন চালাচ্ছে

আপডেট : ১০ মার্চ ২০১৩, ২১:৪২
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, দেশের প্রধান বিরোধী দল সরাসরিভাবে মৌলবাদী সংগঠনকে প্রশ্রয় দিয়ে দেশব্যাপী হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগ চালাচ্ছে। এছাড়া সংখ্যালঘুদের নির্মম নির্যাতনের মাধ্যমে মৌলবাদীরা দেশকে কলঙ্কিত করছে। রবিবার সকালে ঝালকাঠির রাজাপুর থানা ভবনের নব নির্মিত ভবনের উদ্বোধন শেষে থানা সভাকক্ষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে হত্যাযজ্ঞ চালনাকারী ও তাদের প্রত্যক্ষভাবে মদদদানকারীদের দৃঢ় হস্তে দমন করা হবে। সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার অত্যন্ত দক্ষতার সাথে উন্মোচন করতে র্যাব তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। নিরপরাধ মানুষ যাতে শাস্তি না পায় সেদিকে লক্ষ্য রেখেই দেরিতে হলেও সাগর-রুনি হত্যাকারীদের বিচার কাজ অবশ্যই সম্পন্ন করা হবে। জেলা পুলিশ সুপার মো. মজিদ আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন, র্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, বরিশাল বিভাগের ডিআইজি ডা. মো. আব্দুর রহিম, ঝালকাঠি জেলা প্রশাসক মো. সাখাওয়াত হোসেন ও বরিশাল র্যাব-৮ অধিনায়ক মো. ফরিদুল আলম।