রংপুরের মিঠাপুকুর উপজেলায় স্বামীর হাতে অগ্নিদগ্ধ গৃহবধূ আইনুনাহার তন্বী (২২) ৩দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। রবিবার সকাল ১০টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. রুপশ্রী পালবৌ তন্বীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। আইনুনাহার তন্বী মিঠাপুকুরের কাফ্রিখাল ইউনিয়নের যাদবপুরে গ্রামের ওয়াহেদুজ্জামানের স্ত্রী। ওয়াহেদুজ্জামানকে পুলিশ গ্রেফতার করেছে।
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী জানান, তন্বীর শরীরে আগুন দেওয়ার অভিযোগে তার স্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার আসামি ওয়াহেদুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে।
চিকিৎসক রুপশ্রী পালবৌ বলেন, ‘বুধবার রাতে তন্বীকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তার শরীরের প্রায় শতভাগ পুড়ে গিয়েছিল। এ ঘটনায় মাকে বাঁচাতে গিয়ে তন্বীর তিন বছরের ছেলে তামিমও দগ্ধ হয়েছে। তাকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তন্বীর শাশুড়ি রওশন আরার দাবি, পারিবারিক কলহের জেরে তার ছেলের বৌ নিজের শরীরে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে।
আরও পড়ুনঃ দক্ষিন চট্টগ্রামের ৬০ গ্রামের মানুষের আগামীকাল থেকে রোজা শুরু
তন্বীর মা শাহনাজ জানান, ছয় বছর আগে তার মেয়ে পালিয়ে গিয়ে ওয়াহেদুজ্জামানকে বিয়ে করে। এরপর থেকে মেয়ের সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিলো না।
ইত্তেফাক/নূহু

