নিজের নিরাপত্তা নিয়ে শংকিত আহমেদ ইমতিয়াজ বুলবুল

আপডেট : ১০ মার্চ ২০১৩, ২২:২৫
ছোট ভাই মিরাজের খুনের ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শংকিত হয়ে পড়েছেন দেশবরেণ্য গীতিকার ও সুরকার মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল। তিনি রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়েছেন। আর তরুণ সমাজকে উদ্দেশ করে বলেছেন, তোমরা যারা আমার গান শোনো, যারা আমাকে পছন্দ করো, তোমরা আমাকে বাঁচাও। মিরাজ উদ্দিন আহমেদের লাশ উদ্ধারের পর গতকাল রবিবার বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা তার মগবাজার আউটার সার্কুলার রোডের ফ্ল্যাটে ভিড় করেন। এ সময় তিনি তার প্রতিক্রিয়া ব্যক্তকালে সাংবাদিকদের একথা বলেন। শনিবার রাতে আহমেদ ইমতিয়াজ আহমেদ বুলবুলের ছোট ভাই মিরাজ উদ্দিনের লাশ রাজধানীর খিলক্ষেত এলাকার রেললাইনের পাশ থেকে পুলিশ উদ্ধার করে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ময়না তদন্তকারী চিকিত্সক জানিয়েছে। আহমেদ ইমতিয়াজ বুলবুল আরও বলেন, আমি গত ৭ মাস ধরে এক প্রকার গৃহবন্দী অবস্থায় জীবন-যাপন করছি। চলাফেরা খুবই নিয়ন্ত্রিত। ট্রাইব্যুনাল থেকে আমাকে সাবধানে চলাচলের জন্য বলা হয়েছে। নানাভাবে আমাকে দেখানো হচ্ছে ভয়ভীতি। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় আহমেদ ইমতিয়াজ বুলবুল ছিলেন একজন কিশোর মুক্তিযোদ্ধা। তিনি মুক্তিযোদ্ধা হিসেবে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গোলাম আযমের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্য দিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে কথার বলার সময় সেখানে উপস্থিত ছিলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত শাখার সিনিয়র সদস্য এম সানাইল হক। তিনি এ সময় সাংবাদিকদের বলেন, আমরা তার (আহমেদ ইমতিয়াজ বুলবুল) নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখভাল করবো। যেভাবে নিরাপত্তা চান, সেভাবেই তার নিরাপত্তা নিশ্চিত করা হবে।