দেশে চলমান সহিংসতায় বহু হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সিরো সাদোসিমা। গতকাল রবিবার বাংলাদেশ সরকারের সাথে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সাথে এক চুক্তি স্বাক্ষর শেষে দেয়া বক্তব্যে তিনি সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় বহু নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, এ ধরনের অপ্রত্যাশিত ও ক্রমবর্ধমান সহিংসতার ফলে বাংলাদেশের বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়বে। তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, শন্তিপূর্ণ আলোচনা ও সমঝোতার মাধ্যমে গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সকলের সহযোগিতার মধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ পুনরায় গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। বর্তমান পরিস্থিতির দ্রুত উন্নতি হবে এবং আরো বেশি জাপানি বিনিয়োগ বাংলাদেশে আসবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত।
