ভেনিজুয়েলায় আগামী ১৪ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিকোলাস মাদুরোর শপথ গ্রহণের একদিন পর শনিবার জাতীয় নির্বাচন পরিষদ আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করে। খবর এএফপির।
এর আগে পার্লামেন্টে শপথ নেয়ার পর শুক্রবার মাদুরো জাতীয় নির্বাচন পরিষদের প্রতি অবিলম্বে নির্বাচন দেয়ার আহ্বান জানান। নির্বাচনের তারিখ ঘোষণার জন্য মাদুরোর হাতে ৩০ দিন সময় ছিল। অসুস্থ শ্যাভেজ ডিসেম্বরে কিউবার উদ্দেশে দেশ ছাড়ার আগে ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার উত্তরসূরি নির্বাচন করেন। নির্বাচনের তারিখ ঘোষণার পর পরই প্রধান বিরোধী জোট ঘোষণা করেছে- তারা তাদের প্রার্থী হিসাবে হেনরিক ক্যাপ্রিলেসকে সর্বসম্মতভাবে নির্বাচিত করবে। হেনরিক গত অক্টোবরের নির্বাচনে শ্যাভেজের কাছে পরাজিত হন।
ধারণা করা হচ্ছে, ১৪ এপ্রিলের নির্বাচনে মাদুরোর সঙ্গে বিরোধী দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, মাদুরো তার বিরোধী প্রার্থী ক্যাপ্রিলেস থেকে ১১ পয়েন্টে এগিয়ে রয়েছেন। এছাড়া শ্যাভেজের অনেক সমর্থকই বলছেন, তারা তাদের নেতার শেষ ইচ্ছের প্রতি সম্মান জানাবেন এবং মাদুরোকে ভোট দেবেন। যদিও মাদুরো শ্যাভেজের মতো কৌশলী নন। দেশটির নির্বাচন পরিষদের প্রধান তিবিসে লুসেনা বলেছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীদের আগামী সোমবারের মধ্যে প্রার্থিতা দাখিল করতে হবে। টানা দুই বছর ক্যান্সারে ভুগে শ্যাভেজ (৫৮) গত ৫ মার্চ মঙ্গলবার রাজধানী কারাকাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
