নওগাঁর রানীনগর উপজেলার ২শ’ বছরের পুরাতন বাঁশবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল অবস্থা। পরিত্যক্ত ভবন যে কোন সময় ভেঙ্গে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করছেন বিদ্যালয়ের শিক্ষকগণ, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সচেতন মহল। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিত্ কুমার প্রামাণিক জানান, ১৮০২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করা হয়। বাঁশবাড়ীয়া গ্রামের কৃষক সুধীর চন্দ প্রাং অজোপাড়া গ্রাম এলাকার শিশুদের শিক্ষা ও জ্ঞান অর্জনের জন্য প্রথমে ৬ শতক জমি দান করেন প্রতিষ্ঠানে।
১৯৮২ সালে এরপর চার কক্ষবিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়। ওই ভবনের শ্রেণি কক্ষগুলো অনুপযোগী হলে ২০০১ সালে নতুন চারটি কক্ষবিশিষ্ট আরো একটি ভবন নির্মাণ করা হয়। এরপর আগেরগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরিত্যক্ত ঘোষণা করার দীর্ঘদিন হলেও সরকারি ভাবে ভেঙ্গে ফেলার কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মরিয়ম জানায়, শ্রেণি কক্ষগুলো ছোট ও কক্ষে জানালা, টিনসহ ভাঙ্গা বেঞ্চ রাখায় তাদের বসার অসুবিধা হচ্ছে।
কমিটির সভাপতি মোসলেম উদ্দিন জানান, গত কয়েক বছর থেকে সমাপনী পরীক্ষায় শতভাগ পাস থাকলেও প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রীর জন্য পর্যাপ্ত বেঞ্চ, শ্রেণিকক্ষ, লাইব্রেরী নেই। যার কারণে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার ক্ষতি হচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম খান জানান, এই বিদ্যালয়ের সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটওয়ারী জানান, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ সরকার জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
