আড়াইহাজারে মহাসড়ক অবরোধ
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ আড়াইহাজারে বাসের ধাক্কায় এক স্কুলছাত্রী আহত হওয়াকে কেন্দ্র করে দেড়ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বান্টি এলাকায় এই ঘটনা ঘটে।
আজ সোনাতলায় শিশুদের ভিটামিন খাওয়ানো হবে
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা\ আজ মঙ্গলবার সারাদেশের ন্যায় বগুড়ার সোনাতলা উপজেলার ৬ মাস বয়স থেকে ৫৯ মাস বয়সের শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ২৪ মাস থেকে ৫৯ মাস বয়সের শিশুদেরকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।
মেহেরপুর জেলার শ্রেষ্ঠ ইমামদের নাম ঘোষণা
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে মেহেরপুর জেলার শ্রেষ্ঠ ইমামদের নাম ঘোষণা করা হয়েছে। রবিবার মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে মেহেরপুর জেলার ৩জন শ্রেষ্ঠ ইমামের নাম ঘোষণা করা হয়।
জামালপুরে দলিল লেখকদের বিক্ষোভ
জামালপুর প্রতিনিধি\ দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করাসহ ৭ দফা দাবিতে জামালপুরের দলিল লেখকরা রবিবার বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করেছে। সকালে জামালপুর সদর সাব রেজিস্ট্রার অফিস চত্বরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছে দলিল লেখকরা।
নীলফামারীতে শিক্ষক সমাবেশ
নীলফামারী প্রতিনিধি\ চাকরি জাতীয়করণসহ চার দফা দাবি আদায়ে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে রবিবার নতুন বাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক-কর্মচারী ঐক্যজোট জেলা কমিটির আহবায়ক মফিজউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন শিক্ষক সুভাষ চন্দ্র, মঞ্জুরুল ইসলাম, মোসলেমউদ্দীন প্রমুখ।
চান্দিনায় দুস্থদের মাঝে টিন ও চেক বিতরণ
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা \ চান্দিনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ৬টি ইউনিয়নের ৪৬টি পরিবারের মাঝে টিন ও তিন হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি।
রাজীবপুরে শিক্ষকদের বিক্ষোভ মিছিল
রাজীবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ এমপিওভুক্ত ও স্বীকৃত কলেজ, স্কুল, মাদ্রাসা শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে রাজীবপুর উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। রবিবার ওই বিক্ষোভ ও মিছিল হয়। কর্মসূচির শুরুতে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কমিটির সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
মনোহরগঞ্জে কৃষি ব্যাংকের শাখা উদ্বোধন
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা\ গতকাল সোমবার কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ বাজারে কৃষি ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল সালামের সভাপতিত্বে কৃষি ব্যাংকের এ শাখাটি উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য মো. তাজুল ইসলাম।
কিশোরগঞ্জে জার্নালিস্ট ফোরামের মতবিনিময়
কিশোরগঞ্জ প্রতিনিধি\ গতকাল সোমবার অর্গানাইজেশন অব ডেভেলপমেন্ট ফর দি আন্ডার প্রিভিলেজড্ (ওডপাপ)- এর উদ্যোগে গঠিত জার্নালিস্ট ফোরামের মতবিনিময় সভা দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সুবীর বসাকের সভাপতিত্বে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ওডপাপের কিশোরগঞ্জ ডিআইসি ম্যানেজার দিলীপ কুমার দাশ প্রমুখ।
কাউখালীতে নাগরিক উদ্যোগের কর্মশালা
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা\ পিরোজপুরের কাউখালীতে সোমবার নাগরিক উদ্যোগ অফিসের সভাকক্ষে নাগরিক উদ্যোগের চলমান প্রকল্প জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের তৃতীয় বছরের প্রকল্প পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এস.কে সহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগের প্রোগ্রাম অফিসার মাহবুবুর রহমান।
নান্দাইলে বিদ্যুত্স্পৃষ্টে যুবক নিহত
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা\ ময়মনসিংহের নান্দাইল উপজেলার ভাটিসাভার গ্রামে রবিবার আল-আমিন নামে এক যুবক বিদ্যুত্স্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। তার বাবার নাম সামছুল ইসলাম। উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটিসাভার গ্রামের আল-আমিন(২৪) একটি গভীর নলকূপ থেকে কলসী ভরে পানি আনতে যান। মাথায় পানি ভর্তি কসলী নিয়ে ফিরে আসার পথে জেনারেটরচালিত বিদ্যুতের ছেঁড়া তারে তার কলসীটি জড়িয়ে পড়ে। পরে নান্দাইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
নাসিরনগরে জেলা প্রশাসকের মতবিনিময়
আকতার হোসেন ভুঁইয়া, নাসিরনগর সংবাদদাতা\ মাদকদ্রব্যের অপব্যবহার, চোরাচালান প্রতিরোধ, ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের কার্যকারিতা দাঙ্গা প্রবণতা রোধসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনসচেতনতা সৃষ্টিতে নাসিরনগর উপজেলা ফান্দাউক ইউনিয়ন পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদের খতিব, ইমাম, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন ।
মেহেরপুরে তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালত
মেহেরপুর প্রতিনিধি\ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার শহরের বিভিন্ন জ্বালানি তেলের দোকানে অভিযান চালিয়ে ওজনে কম দেয়ার অভিযোগে ২ জন জ্বালানি তেল ব্যবসায়ীর নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার হুমায়ূন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের বিভিন্ন তেলের দোকানে অভিযান চালায়।
মোরেলগঞ্জে হামলায় ব্যবসায়ীসহ আহত তিন
মোরেলগঞ্জ সংবাদদাতা\ বাগেরহাটের মোরেলগঞ্জে হামলায় ব্যবসায়ীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছে। দু’ দফা হামলায় আহতরা হল, ব্যবসায়ী সবুজ (৩৫),অন্তঃসত্ত্বা স্ত্রী ঝর্ণা ও তাদের আড়াই বছরের শিশু কন্যা সায়মা। রক্তাক্ত জখম অবস্থায় ব্যবসায়ী সবুজ ও আহত স্ত্রীসহ শিশুকন্যা সায়মাকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে।
আদিয়াবাদ ইসলামিয়া হাইস্কুলে পুরস্কার বিতরণ
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা\ রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রবিবার কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মিসেস কল্পনা রাজিউদ্দিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।
কাহালুতে ইসলামী ব্যাংক লিঃ এর দোয়া মাহফিল
কাহালু(বগুড়া)সংবাদদাতা\ ইসলামী ব্যাংক বাংলাদেশ লি.-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার ইসলামী ব্যাংক বগুড়ার কাহালু শাখার উদ্যোগে ব্যাংকে শাখা ভবনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুিষ্ঠত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা তায়েব আলী।
বাঞ্ছারামপুর ড. রওশন আলম কলেজে পুরস্কার বিতরণ
বাঞ্ছারামপুর সংবাদদাতা\ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফয়দাবাদ গ্রামের ড. রওশন আলম কলেজে গতকাল সোমবার বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । কলেজ অধ্যক্ষ সৈয়দ নুরুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন । সভায় বক্তব্য রাখেন মেজর (অব.) নুরুল আফসার খন্দকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোকারম হোসেন।
কিশোরগঞ্জে কল্যাণ ফ্রন্টের মানববন্ধন
কিশোরগঞ্জ প্রতিনিধি \ সংখ্যালঘুদের মন্দির-গৃহে অগ্নিসংযোগ ও তাদের ওপর হামলার প্রতিবাদে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে গতকাল সোমবার শহরের কালীবাড়ি সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শরীফ সাদী, ফ্রন্টের উপদেষ্টা অসীম সরকার বাঁধন, সভাপতি গোপাল নন্দী, গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, বাঁধন চন্দ্র দে প্রমুখ।
মানিকগঞ্জ বিএনপির বিক্ষোভ
মানিকগঞ্জ প্রতিনিধি \ গতকাল সোমবার কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীরা। দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি নেতা মোতালেব হোসেন, গোলাম কিবরিয়া সাইদসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
চৌদ্দগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা\ সরকারের ‘গণহত্যা’ ও বিরোধী দলের নেতা-কর্মীদের উপর নির্যাতন, মামলা ও হামলা করে হয়রানির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজারে বিক্ষোভ করেছে উপজেলা ছাত্রদল। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদল সভাপতি তোফায়েল হোসেন জুয়েল, সহ-সভাপতি দেলোয়ার, মহিন।
চাটখিল কলেজে আলোচনা সভা
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা\ নোয়াখালী চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ এ্যালামনাই এসোসিয়েশনের আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা এসোসিয়েশনের সভাপতি কবীর আহমেদ মুন্সির সভাপতিত্বে সোমবার গাজীপুরের সাবা গার্ডেনে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রাজনীতিবীদ ও সমাজসেবক খন্দকার রুহুল আমিন।
বাগেরহাটে মিছিল-সমাবেশ
বাগেরহাট প্রতিনিধি\ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটে ১৮ দলীয় জোট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল সোমবার বাগেরহাট-খুলনা সড়কে জোটের নেতা-কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি বাগেরহাট-খুলনা সড়কের নতুন কোর্ট এলাকা থেকে শুরু করে দশানী ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন ১৮ দলীয় জোটের বাগেরহাট জেলা আহবায়ক ও বিএনপি’র সভাপতি এম.এ সালাম।
দাউদকান্দিতে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
দাউদকান্দি সংবাদদাতা\ রবিবার ভোরে দাউদকান্দি থানা পুলিশ বিভিন্ন জেলা থেকে অভিযান চালিয়ে লুট হওয়া মালামাল ও অস্ত্রসহ আন্তঃজেলা ৪ ডাকাতকে গ্রেফতার করেছে। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফয়সল জানান, গত সপ্তাহে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার শহীদনগরে আঃ মালেক নামে এক শিল্পপতির গাড়িতে ডাকাতি করে। ডাকাত দল ঘেরাও করে শিল্পপতির গাড়ি থেকে নগদ টাকা, মোবাইল সেট, ল্যাপটপ ও ১৫ রাউন্ড গুলিসহ লাইসেন্স করা একটি বিদেশি পিস্তল লুটে নেয়।
কুমিল্লায় বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ
সদর দক্ষিণ (কুমিল্লা) সংবাদদাতা\ বেসরকারি হাইস্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট কুমিল্লা জেলা শাখার উদ্যোগে রবিবার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবুল কাসেম।
ব্রাহ্মণবাড়িয়ায় মা সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ শতভাগ শিশু স্কুলে ভর্তি নিশ্চিত, ঝরে পড়া রোধ, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে আজ রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার লায়ন ফিরোজুর রহমান একাডেমী মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
