যৌতুকের জন্যে স্বামীর নির্মম নির্যাতনের শিকার হোসনা আক্তার (২৪) নামে এক গৃহবধূ দীর্ঘ ৪ মাস বিনা চিকিত্সায় ভুগে গত রবিবার সন্ধ্যায় মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৃহবধূর বাবা হেলাল উদ্দিন বাদী হয়ে স্বামী হুমায়ুন, ভাসুর জাহাঙ্গীর ও শাশুড়ি রেজিয়া খাতুনকে অভিযুক্ত করে নান্দাইল মডেল থানায় একটি অভিযোগ করেন। গতকাল সোমবার অভিযোগটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ শাশুড়ি রেজিয়া খাতুনকে গ্রেফতার করেছে। জানা যায়, গত চার বছর আগে নান্দাইল উপজেলার মহাবৈ গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে হোসনা আক্তারের বিয়ে হয় একই উপজেলার আচারগাঁও দক্ষিণ পাড়া গ্রামের হাছেন আলীর ছেলে হুমায়ুনের সাথে। ওই দম্পতির রত্না নামের দুই বছর বয়সি একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর হুমায়ুন যৌতুক দাবি করলে হোসনা তার বাবার কাছ থেকে ৩০ হাজার টাকা এনে দেয়। কিছুদিন পর হুমায়ুন আবারও টাকার দাবি জানালে হোসনা অপারগতা প্রকাশ করেন। হেলাল উদ্দিন জানান, আরো টাকা এনে দিতে না পারায় হুমায়ুন তার মেয়ের ওপর ব্যাপক নির্যাতন চালায়। গত বছরের ৭ নভেম্বর হুমায়ুন ভাতের গরম মাড় হোসনা আক্তারের শরীরে ঢেলে দেয়। এতে হোসনার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
