বাগেরহাটসহ সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির, বাড়ি, প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও পুরোহিতকে হত্যার প্রতিবাদে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ জেলা শাখা যৌথভাবে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। রবিবার বিকেলে শহরের সাধনার মোড়ে তারা এই কর্মসূচি পালন করে। তাদের এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে সিপিবি, আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগ। বিভিন্ন সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ রাস্তার দু’পাশে দাঁড়িয়ে কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি শিবপ্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাড. মিলন কুমার ব্যানার্জী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অবনিশ চক্রবর্তী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু, সিপিবি নেতা মানিক লাল মজুমদার, যুবলীগ নেতা সরদার শামীম আহসান ও শেখ ইদ্রিস আলী প্রমুখ।
মধুখালীতে পূজা উদযাপন
পরিষদের মানববন্ধন
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা জানান, মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় গত রবিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মধুখালী উপজেলা শাখার আয়োজনে সারাদেশে মন্দির, বৌদ্ধ বিহার, সংখ্যালঘুদের উপর হামলা, আক্রমন, লুটপাট ও অগ্নি সংযোগের প্রতিবাদে এক বিশাল মানব বন্ধন কর্মসূচী পালন করে। পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি সুভাষ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা সভাপতি সমরেন্দ্র নাথ বসু, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, আব্দুল মালেক সিকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মির্জা মনিরুজ্জামান বাচ্চু, মধুখালী মডেল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সালাম মিয়া, সাংগাঠনিক সম্পাদক ইলিয়াছ মিয়া, কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক নওশেরুল আলম, ওয়াকার্স পার্টির পলিট বুর্যোর সদস্য মনোজ কুমার সাহা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন আহমেদ সতেজ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুখেন মজুমদার, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার এ্যামি প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পবিপ্রবিতে সনাতন সংঘের
মানববন্ধন-সমাবেশ
পবিপ্রবি সংবাদদাতা জানান, সারাদেশে মন্দির ভাংচুর ও সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতনের প্রতিবাদে গতকাল সোমবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সনাতন সংঘের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর ১টায় একাডেমিক ভবনের সামনে আয়োজিত দীর্ঘ এক ঘণ্টার মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তৃতা করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর আকম মোস্তফা জামান, সাধারণ সম্পাদক প্রফেসর স্বদেশ চন্দ্র সামন্ত, মাত্স্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সুলতান মাহামুদ, প্রফেসর মোহাম্মদ আলী, প্রভাষক লিটন সেন, সুজন কান্তি মালী, শিক্ষার্থীদের পক্ষে তনয় সিংহ, কিরণ মিত্র ও শাওন বাইন প্রমুখ।
ডুমুরিয়ায় সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা\ সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে গতকাল সোমবার সকালে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে ডুমুরিয়া উপজেলা সদরে খুলনা সাতক্ষীরা মহাসড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সংখ্যালঘু সম্প্রদায়সহ বিভিন্ন সংগঠনের লোকজন অংশ নেয়।
