রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন পরিচালক ও শিক্ষক কল্যাণ সমিতির ২ দিনব্যাপী কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল সোমবার শেষ হয়েছে। প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের রূপগঞ্জের ১০৮টি স্কুলের ১২ শতাধিক কৃতী ছাত্র-ছাত্রীকে এ সংবর্ধনা দেয়া হয়। মুড়াপাড়া কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান ও রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন পরিচালক ও শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ হাবিবুর রহমান হারেজ। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া, তারাবো পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মাহবুবুর রহমান খান, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ শওকত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, যুবলীগ নেতা আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, অধ্যক্ষ আব্দুল আওয়াল মোল্লা, বাবু ঠাকুর দাস কর, শিক্ষক কল্যাণ সমিতির লায়ন মুনসুর আলী শিকদার, মশিউর রহমান তারেক, মেহেদী হাসান, শফিকুর রহমান ও এনামুল শিকদার প্রমুখ। পরে কৃতী ছাত্র-ছাত্রীদের মধ্যে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। চ্যানেল আই সেরাকণ্ঠ, ক্ষুদে গানরাজ ও রূপগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
