এসি মিলানের বিরুদ্ধে বার্সার ঘুরে দাঁড়ানোর লড়াই আজ

আপডেট : ১১ মার্চ ২০১৩, ২১:৫৭
স্পোর্টস ডেস্ক বার্সেলোনা ২০০৯ সালের পর তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের লক্ষ্যে আজ মঙ্গলবার রাতে নিজেদের মাঠে এসি মিলানের মোকাবেলায় নামবে। শেষ ষোলর প্রথম লেগে মিলানের মাঠে ০-২ গোলের হারের কারণে নু ক্যাম্পে আজ জয়ের কোন বিকল্প নেই লিওনেল মেসিদের সামনে। এই রাতের অপর খেলায় জার্মান ক্লাব শালকে জিরো ফোর আতিথ্য দেবে তুরস্কের গালাতাসারায়কে। দুদলের প্রথম লেগটি ১-১ ব্যবধানে শেষ হওয়ায় বিপক্ষের মাঠে দেয়া গোলের সুবাদে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে শালকে। বার্সেলোনা এ মৌসুমে শুরু থেকে অপ্রতিরোধ্য থাকলেও নিয়মিত কোচ টিটো ভিলানোভা ক্যান্সারের চিকিত্সার কারণে অনুপস্থিত থাকলে দলটির ছন্দপতন হতে থাকে। ১৯ জানুয়ারি রিয়াল সোসিয়েদাদের কাছে লিগে হারের পর থেকেই যেন বিপর্যয় লেগে আছে দলটির। লিগে বড় ব্যবধানে এগিয়ে থাকলেও বার্সা এরই মধ্যে ছিটকে গেছে ঘরোয়া প্রতিযোগিতা কোপা ডেল রে থেকে। তাই লিগের পাশাপাশি এখন বার্সার দৃষ্টি চ্যাম্পিয়নস লিগের দিকে। কাতালানদের জন্য এ রাতে খেলাটি অবশ্য সহজ হবে না। কারণ শেষ আটে যেতে হলে তাদের জিততে হবে কমপক্ষে ৩-০ গোলের ব্যবধানে। যদি তারা নির্ধারিত সময়ে ২-০ গোলে জেতে তাহলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। প্রথম লেগে ২-০ গোলে পরাজিত হওয়াতেই এরকম কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে মেসির দলকে। বার্সা তারকা ড্যানিয়েল আলভেস জানিয়েছেন, এরকম পরিস্থিতিতে তাদের ঝুকি নিয়েই খেলতে হবে। বার্সা টিভিকে এই ব্রাজিলিয়ান বলেন, ‘ম্যাচ জয়ের জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাই করবো। আমরা যদি ঝুকি নিয়ে না খেলি তাহলে জিততে পারবো না। যদিও আমরা ম্যাচটি নিয়ে ভীত নই। আমরা একটি দারুণ দল হিসেবে নিজেদের প্রমাণ করতে পেরেছি। এখন সময় দুর্দান্ত একটা প্রত্যাবর্তনের মাধ্যমে সবাইকে দেখিয়ে দেয়ার।’ তবে বার্সার আক্রমণের মুখে নিশ্চুপ হয়ে বসে রইবেন না মিলানের খেলোয়াড়রাও। অন্তত এমনটাই বলেছেন মিলান খেলোয়াড় কেভিন কন্সট্যান্ট। মিলান চ্যানেলকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আমরা সবাই বার্সেলোনার বিরুদ্ধে ম্যাচটির দিকে তাকিয়ে আছি। আমরা সবাই জানি মঙ্গলবারের ম্যাচটা প্রথম লেগের মতো হবে না। আমরা ২-০ তে আগানো অবস্থায় ম্যাচটা শুরু করবো। তবে আমাদের লক্ষ্য শুধু এই অগ্রগামিতা ধরে রাখা নয়। তাদের পায়েই হয়তো বেশিরভাগ সময় বল থাকবে। কিন্তুু যখন বল আমাদের পায়ে আসবে তখন সেটি আমাদের কাজে লাগাতে হবে।’