তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নির্বাচনে টানা তৃতীয়বারের মত জয়লাভ করেছে সম্মিলিত পরিষদ প্যানেল। ২৭টি পরিচালক পদের ২১টিতেই বিজয়ী হয়েছে ইসলাম গার্মেন্টের ব্যবস্থাপনা পরিচালক আতিকুল ইসলামের নেতৃত্বাধীন এই প্যানেল । বাদ বাকি ৬টি পদে জয়লাভ করেছে মাহমুদ হাসান খান বাবু’র নেতৃত্বাধীন ফোরাম। সম্মিলিত পরিষদ ঢাকা অঞ্চলে ২০টি মধ্যে ১৫টি এবং চট্টগ্রাম অঞ্চলে ৭টি পদের ৬টিতেই জয়লাভ করে। আর ফোরাম ঢাকা অঞ্চলে ৫টি ও চট্টগ্রাম অঞ্চলে একটি পদে জয়লাভ করে। গত সোমবার ভোররাত ৫টার সময় এই ফলাফল ঘোষণা করা হয়। এই জয়ের ফলে আগামী দুই বছরের জন্য বিজিএমইএ’র কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে সম্মিলিত পরিষদ।
গত রবিবার সকাল আটটা থেকে বিকাল ৫টা পর্যন্ত একযোগে বিজিএমইএ’র ঢাকা অঞ্চল ও চট্টগ্রাম অঞ্চলে ভোটগ্রহণ চলে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা তিন হাজার ১৯৬ জন। এর মধ্যে ঢাকায় দুই হাজার ৫৯২ ও চট্টগ্রামে ৬০৪ জন। প্রায় ৮৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আগামী ২১ মার্চ নির্বাচিত পরিচালকরা সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন। ২৫ মার্চ নতুন পর্ষদ ঘোষণা করা হবে। আতিকুল ইসলাম ছাড়াও ঢাকা অঞ্চলে সম্মিলিত পরিষদের বিজয়ীরা হলেন আবুল কালাম, শহিদুল্লাহ আজিম, এস এম মান্নান কচি, মাহবুবুর রহমান, সাজ্জাদুর রহমান মৃধা শিপন, কে এম রফিকুল হক, নাসির উদ্দিন, মোহাম্মদ নাসির, মশিউল আজিম সজল, রিয়াজ বিন মাহমুদ, সৈয়দ সাদেক আহমদ, আজমত রহমান, আরশাদ জামাল দিপু ও আব্দুল্লাহিল রাকিব।
এই প্যানেল থেকে চট্টগ্রাম অঞ্চলের বিজয়ীরা হলেন নাসির উদ্দিন চৌধুরী, আব্দুল ওয়াহাব, সৈয়দ নজরুল ইসলাম, শেখ সাদি, সাব্বির মোস্তফা এবং অঞ্জন শেখর দাস। এছাড়া ঢাকা অঞ্চলে ফোরামের বিজয়ীরা হলেন দলনেতা রাইজিং গার্মেন্টস এর এমডি মাহমুদ হাসান খান বাবু, এম এ রহিম ফিরোজ, ফেরদৌস পারভেজ, আব্দুল্লাহ আল মাহমুদ মাহিন ও বিদ্যা অমৃত খান। চট্টগ্রাম অঞ্চল থেকে এই প্যানেলের একমাত্র বিজয়ী প্রার্থী এম মহিউদ্দিন চৌধুরী।
