ইল্যান্স ও ডেভসটিমের মধ্যে চুক্তি স্বাক্ষর

আপডেট : ১২ মার্চ ২০১৩, ১৯:১২
বাংলাদেশে ফ্রিল্যান্সিংকে এগিয়ে নিতে যৌথভাবে কাজ করবে অনলাইন মার্কেটপ্লেস ইল্যান্স এবং ওয়েব ক্যারিয়ার প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ডেভসটিম ইনস্টিটিউট। গতকাল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সম্মেলন কক্ষে এ উপলক্ষে ইল্যান্স ও ডেভসটিমের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ইল্যান্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাঈদুর মামুন খান এবং ডেভসটিমের প্রধান নির্বাহী আল-আমিন কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ওপেনসোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি ফাহিম মাশরুর এবং বিআইজেএফ-এর প্রেসিডেন্ট মুহম্মদ খান। অনুষ্ঠানে ইল্যান্স এবং ডেভসটিমের পক্ষ থেকে জানানো হয়, সমঝোতা চুক্তি অনুসারে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার এবং প্রশিক্ষণের আয়োজন করবে। বিশেষ করে নতুন ফ্রিল্যান্সারদের সঠিক পথে পরিচালিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করবে এই দুই প্রতিষ্ঠান।