গুরুদাসপুরে ইউপির জায়গা দখল করে বাড়ি নির্মাণ

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২০:৫৯
উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের ২০ শতাংশ জায়গা অবৈধ দখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। আমান আলী ও লুত্ফর রহমান নামে দুই ব্যক্তি প্রভাব খাটিয়ে ওই জমি জবরদখল করেছেন। নাজিরপুর ইউপি সূত্রে জানা গেছে, নাজিরপুর ইউপি কার্যালয়টি নাজিরপুর হাটের মধ্যে পড়েছে। ওই কার্যালয়ের সামনে পরিষদের ২০ শতাংশ জায়গা। বছরের পর বছর অভিযুক্ত ব্যক্তিরা ২০ শতক জায়গার মধ্যে ১২ শতক জায়গায় অস্থায়ী দোকান-পাট নির্মাণ করে ভাড়া তুলে নিচ্ছে। আর ৮ শতাংশ জায়গায় আমান ও লুত্ফর রহমান বসতবাড়ি নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস করছেন। সমপ্রতি প্রশাসনের সহায়তায় অবৈধ দোকানপাট উচ্ছেদের পর জায়গাটি দখলমুক্ত করে সেখানে মাটি ভরাট করার কাজ করছে পরিষদ। কিন্তু অবশিষ্ট ৮ শতাংশ জায়গা তারা দখল ছাড়ছেন না। নাজিরপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী জানান, জায়গাটির দাম প্রায় ৩০ লাখ টাকা। ইউনিয়ন পরিষদের আয় বৃদ্ধি করতে জায়গাটি অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ নেয়া হয়। অভিযুক্তরা দাবি করছেন- তারা বাপ-দাদার আমল থেকে ওই জায়গাটিতে বসবাস করছেন। বসতবাড়ির জায়গাটি তাদের কেনা।