মনের আনন্দে খেলা করছে সিমরান ও সিয়াম। দুজনের বয়সই ১৫ মাস। ছাগলনাইয়া উপজেলার পূর্ব পাঠানগড় গ্রামের চাঁন মিয়া মাষ্টার বাড়িতে এ শিশু দুটি সবার আদর ও ভালোবাসার কেন্দ্রবিন্দু। কেউ একজন তাদের উচ্ছ্বল সময়ে ছবিটি ক্যামেরাবন্দি করে। আজ তা শুধুই স্মৃতি।
ব্যবসায়ী সোলেমানের পুত্র সিয়াম এবং ছোট ভাই ইতালী প্রবাসী সিরাজুল ইসলামের পুত্র সিমরান এভাবেই খেলতে খেলতে হামাগুড়ি দিয়ে সবার অলক্ষে উঠানের পাশের পুকুরে পড়ে যায় গত রবিবার। কিছুক্ষণ পর বাড়ির লোকজন তাদের উদ্ধার করে। ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক তাদের মৃত ঘোষণা করে। এ খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
