কুমিল্লায় অপহূত শিশু উদ্ধার, ৩জন গ্রেফতার

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২১:০১
কুমিল্লার দেবিদ্বারে বিশাল নামে অপহূত এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ অপহূতের চাচা-চাচীসহ ঐ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে। পুলিশ জানায়, দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ পশ্চিমপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ২ বছরের ছেলে বিশালকে শনিবার রাতে নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ শিশুটির চাচা লিটন মিয়া ও তার স্ত্রী ছাবিনা আক্তারকে সন্দেহমূলক আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। এক পর্যায়ে শিশুর চাচি ছাবিনা আক্তার অপহরণের কথা স্বীকার করে। পরে পুলিশ তার স্বীকরোক্তি অনুযায়ী রবিবার ভোরে সদর উপজেলার পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে। এসময় সদর উপজেলার দুতিয়া দীঘিরপাড় গ্রামের ছাবিনার ছোট ভাই আবুল হাশেমকেও পুলিশ আটক করে। ছাবিনা আক্তার জানায়, শনিবার রাত ৮টার দিকে বাড়িতে বিদ্যুত্ না থাকায় অর্থ আদায়ের কৌশলে বিশালকে নিয়ে যাই। তাকে ছোট ভাইয়ের কাছে রেখে পুনরায় বাড়িতে এসে সকলের সাথে বিশালকে খোঁজাখুঁজি করি। দেবিদ্বার থানার ওসি এস.এম বদিউজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে ছাবিনা অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য। সে কুমিল্লার ভারত সীমান্ত এলাকার দুতিয়া দীঘির পাড় গ্রামের সামসুল হক খন্দকারের মেয়ে। এ ঘটনায় অপহূতের পিতা বিল্লাল হোসেন বাদী হয়ে আটক ৩ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন।