মেহেরপুরের গাংনীতে পল্লী বিদ্যুত্ সমিতির ভুয়া ও ভূতুড়ে বিলের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে গ্রাহকরা । গত সোমবার সন্ধ্যায় গাংনী সিনেমা হলপাড়া ও কলেজপাড়ার কয়েকশ’ গ্রাহক বিক্ষোভ শেষে গাংনী পৌর মেয়র আহমেদ আলীর বাড়ি ঘেরাও করে। এসময় মেয়র গ্রাহকদের ভূতুড়ে বিল দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়।
সিনেমা হলপাড়ার গ্রাহক আব্দুল হাকীম, প্রভাষক আব্দুল মোমিন, ব্যাংক কর্মকর্তা আফজাল হোসেন ও সাহাবুদ্দীন আহম্মেদ জানান, সাম্প্রতিক সময়ে এখানে পল্লী বিদ্যুতের একটি ট্রান্সমিটার পুড়ে গেলে সমিতির গাংনী জোনাল অফিস অবৈধভাবে গ্রাহকদের কাছ থেকে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করে। এরপর বিলের সাথে চলতি মাসে জামানত ফিস বাবদ প্রতিটি গ্রাহকের নামে ৭শ’ থেকে ১২ টাকা অতিরিক্ত টাকা যোগ করে দেয়। তারা অভিযোগ করে বলেন, গাংনী জোনাল অফিসের ডিজিএম শৈলন্দ্র নাথ পাল বিভিন্ন সময় নানা অজুহাতে অতিরিক্ত টাকা আত্মসাত্ করে আসছেন। দফায় দফায় গ্রাহকদের সাথে প্রতারণা করছেন। এ ব্যাপারে পৌর মেয়র আহমেদ আলী জানান, পল্লী বিদ্যুত্ সমিতির লোকজনের সাথে কথা বলা হয়েছে। তারা সব ঠিক করে দেবেন।
