নগরকান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা\ ফরিদপুরের নগরকান্দায় সোমবার জামায়াত শিবিরের দেশব্যাপী তাণ্ডব ও সংখ্যালঘুদের বাড়িতে হামলা, অগ্নি সংযোগ ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ।
কাঁঠালিয়ায় শিক্ষকদের প্রশিক্ষণ
কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা\ কাঁঠালিয়ায় মাধ্যমিক স্তরের শিক্ষকদের আইসিটি স্কীল এন্ড টিচার্স লিড কনটেন্ট ডেভেলপমেন্ট কর্মসূচির আওতায় কম্পিউটারের সাথে সম্পর্কযুক্ত বিষয়াদির ওপর ৫ দিনব্যাপী প্রশিক্ষণ সোমবার কাঁঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় ল্যাব রুমে উদ্বোধন করা হয়েছে। ইউএনও আবুল বাসার মুহাম্মদ আমীর উদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.শাখাওয়া হোসেন।
নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ শিক্ষা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রায় এক কোটি টাকা ব্যয়ে ঐতিহ্যবাহী নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন ত্রি-তল ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ জিকরুল আহম্মেদ খোকন এর উদ্বোধন করেন ।
হাতিয়া শহর বণিক কল্যাণ সমিতির নির্বাচন
হাতিয়া সংবাদদাতা\ সোমবার ঝাঁকঝমক পূর্ণভাবে নোয়াখালী হাতিয়া উপজেলা হাতিয়া শহর বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে উক্ত নির্বাচনে সভাপতি পদে আবদুল্ল্যাহ আল মামুন ও সাধারণ সম্পাদক পদে আশিক ইকবাল নির্বাচিত হন। এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি ফজলুল করিম সেলিম, সহ-সভাপতি নাইম উদ্দিন নাহিদ, সহ- সাধারণ সম্পাদক আলা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানছুর উদ্দিন।
মধুপুর কেঁচো সার উত্পাদনকারী পুরস্কৃত
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা\ মধুপুর উপজেলা ইদিলপুর গ্রামে কেঁচো চাষের মাধ্যমে নিজের ভাগ্য বদলে দেয়া সাহসী নারী মহিরন বেগমকে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং সচেতন নাগরিক কমিটি সংবর্ধনা দিয়েছে। বিশ্ব নারী দিবস উপলক্ষে শুক্রবার মধুপুর উপজেলা পরিষদ চত্বরে এ সংবর্ধনা দেয়া হয়।
চরভদ্রাসনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা\ চরভদ্রাসন উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০১৩ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার ১০৩টি কেন্দে প্রায় ১০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। উপজেলার বিএস ডাঙ্গী গ্রামের একটি কেন্দে শিশুদের ‘এ’ ক্যাপসুল খাওয়ান সিভিল সার্জন অফিসার মো. সিরাজুল ইসলাম তালুকদার। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিল আফরোজা বেগম।
মিরপুরে বিজিবির মতবিনিময়
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার মিরপুর বর্ডার গার্ড মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে ম্যানেজিং কমিটি, অভিভাবক, শিক্ষক, শিক্ষানুরাগী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বর্ডার গার্ড মাধ্যমিক বিদ্যালয় হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেজর তারেক মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুষ্টিয়া সেক্টর সদর দফতরের সেক্টর কমান্ডার কর্নেল ফরিদ উদ্দিন (পিএসসি,জি)।
কটিয়াদীতে দলিল লেখকদের কলম বিরতি
কটিয়াদী সংবাদদাতা\ কিশোরগঞ্জের কটিয়াদী সাবরেজিস্ট্রি অফিসে গতকাল মঙ্গলবার শতাধিক দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সদস্যরা ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ২ ঘণ্টা কলম বিরতি পালন ও কালোব্যাজ ধারণ করে। কলম বিরতি শেষে অফিস প্রাঙ্গণে সমিতির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. কুতুব উদ্দিন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. গোলাম মোস্তফা সরকার, সম্পাদক মো. ফায়েজ উদ্দিন ভুঁইয়া, মো. আ. হাই অরুণ, মো. রুহুল আমিন সরকার ও টুটুন কুমার সাহা।
চরদিঘলদীতে ইসলামী সম্মেলন সমাপ্ত
গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ নরসিংদীর সদর উপজেলার চরদিঘলদী ফকিরবাড়ী জামে মসজিদের ২ দিনব্যাপী ইসলামী সম্মেলন গতকাল মঙ্গলবার সমাপ্ত হয়েছে। মোহাসিন ফকিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন আড়াইহাজার ডায়াবেটিকস হাসপাতালের প্রতিষ্ঠাতা আবুল হোসেন, হাজী আলী আকবর, খাদেমুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আবু মুনছুর সরকার, খোকন মিয়া, মাওলানা ফখরুল ইসলাম রশিদী, নজরুল ইসলাম ও মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জে দুর্ঘটনায় বাসচালক নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর এলাকায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক বাস চালক নিহত হয়েছেন। নিহত সাজ্জাদ হোসেন জেলার ভোলাহাট উপজেলার মুসলিমপুর এলাকার নুহু আলীর ছেলে।
সৈয়দপুরে চার জনের কারাদণ্ড
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুরে মাদক সেবন ও বহনের দায়ে ৪ মাদকসেবীকে সোমবার কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদক সেবন অবস্থায় শহরের হোটেল ব্যবসায়ী রহমত খানের পুত্র রানা খান (২৪), আব্দুল আজিজ মৃধার পুত্র শিপলু মৃধা (৩২), বাবুপাড়ার মৃত তাজির হোসেনের পুত্র হোসাইন মনি (৩২) ও একই এলাকার মৃত কুদরত উল্লাহর পুত্র সাজিদ হাসানকে (৩৪) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রক। উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম অভিযুক্ত রানা খান ও শিপলুকে ১৫ দিনের এবং মনি ও সাজিদ হাসানকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রাজাপুরে জল বসন্তে একজনের মৃত্যু
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা \ ঝালকাঠির রাজাপুরে জল বসন্তে আক্রান্ত হয়ে মোসলেম আলী তালুকদার (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার সদরের চররাজাপুরে ভাড়া বাসায় তিনি মারা যান। তার গ্রামের বাড়ি উপজেলার আংগারিয়ায়।
বরগুনায় বিএনপির বিক্ষোভ
বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি \ নির্বিচারে গণহত্যা এবং বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার, মামলা, হামলা ও তাদের ওপর নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি হিসেবে বরগুনা জেলা বিএনপির উদ্যোগে সোমবার গতকাল দশটায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিন করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা, সাধারণ সম্পাদক এস.এম নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো.হালিম।
মোহনগঞ্জ পৌরসভায় পরামর্শ সভা
মোহনগঞ্জ সংবাদদাতা \ নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভা শহরের ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) প্রণয়নে পরামর্শ সভা গতকাল সোমবার পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পৌর মেয়র মোঃ মাহবুবুন্নবী শেখের সভাপতিত্বে মোহনগঞ্জ পৌরসভা ও বেট্স কনসালটিং সার্ভিসেস লিমিটেড যৌথ উদ্যোগে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল, উপজেলা বিএনপির সভাপতি আ.ক.ম শফিকুল হক।
মৌলভীবাজারে ঈমাম সম্মেলন
মৌলভীবাজার প্রতিনিধি \ ধর্মের নামে অপপ্রচার রোধে ঈমাম, আলেম-ওলামা ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানালেন সাবেক গণ-পরিষদ সদস্য ও মৌলভীবাজারের জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান। সোমবার মৌলভীবাজার ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে ঈমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।
নেত্রকোনায় অটোচালক হত্যাকারীদের গ্রেফতার দাবি
নেত্রকোনা প্রতিনিধি\ নেত্রকোনা অটোরিক্সা শ্রমিক লীগের সদস্য অটোচালক ছদিক মিয়ার ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার নেত্রকোনা পাবলিক হলে স্মরণ সভা আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ইয়াছিন মোঃ নঈমুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু।
মেহেরপুরে কৃষিঋণ কমিটির আলোচনা সভা
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা কৃষিঋণ কমিটির আলোচনা সভা হয়। সোমবার জেলা প্রশাসক দেলওয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, সহকারী পুলিশ সুপার আব্দুল মতিন, সিভিল সার্জন ডা. আবদুস শহীদ, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক শেখ ইফতেখার হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসানউল্লাহ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম।
নন্দীগ্রামে ওলামা মাশায়েখ সমাবেশ
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা\ বগুড়া নন্দীগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মসজিদের পবিত্রতা রক্ষা ও জঙ্গি সন্ত্রাস প্রতিরোধে ওলামা মাশায়েখ সমাবেশ ও প্রশিক্ষণ প্রাপ্ত জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আসিব আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ায়ম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, থানার ওসি ফাছিরউদ্দিন, মাও.আ.রাজ্জাক প্রমুখ।
