বৃক্ষ

কালাহুজা

আপডেট : ০৫ মে ২০১৯, ১৯:৪৩

 

মাঝারি আকারের আংশিক চিরসবুজ পত্রঝরা বৃক্ষ। কালা আজা, কাঠগোয়া, খারাজোরা ইত্যাদি নামেও একে ডাকা হয়।  বৈজ্ঞানিক নাম Ehretia acuminata, Borginaceae পরিবারের  উদ্ভিদ। প্রায় ১০ মিটার উঁচু হয়। কাণ্ড খাঁজকাটা, বাকল খাড়া ফাটলযুক্ত, মলিন সাদা। পাতা সরল, একান্তর, উপবৃত্তাকার, দীর্ঘাগ্র, মসৃণ। পুষপবিন্যাস কাক্ষিক বা শীর্ষক নিয়ত। পুষপ ক্ষুদ্র, সাদা, সুগন্ধী, অবৃন্তক। বৃতি পেয়ালাকৃতির, বৃত্যাংশ ৫টি, উপবৃত্তাকার। দলমণ্ডল মূলীয় অংশে নলাকার পাপড়ি ৫টি, অত্যন্ত ক্ষুদ্র। ফল অতিশয় ক্ষুদ্র, গোলাকার, মসৃণ, রসালো, হলদে রঙের, পাকলে কালো হয়। পাকা ফল খাওয়া যায়, খেতে মিষ্টি। আচারও বানানো যায়। ছোটবেলায় আমি আমাদের বাড়ির গাছ থেকে পাড়ার  অনেককে এই গাছের পাতা নিয়ে যেতে দেখেছি। এই পাতা পানিতে ভিজিয়ে কচলালে পিচ্ছিল পদার্থ বের হয়। এটি  তারা আমাশয় রোগে ব্যবহার করত।

পাহাড়ি বন, শহরতলী ও গ্রামের ঝোপে দেখা যায় এই উদ্ভিদ। আদি নিবাস ভারত, মিয়ানমার। কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল কলেজের সামনে নরসুন্দা নদীর তীরে বেশ কয়েকটি কালাহুজা গাছ রয়েছে।