সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ আজ

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২২:২৪
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুদিনব্যাপী নির্বাচনে আজ বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত (দুপুরে এক ঘণ্টা বিরতি)ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ভোটার ৪ হাজার ৪৫ জন। নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের বিপরীতে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক সংগঠনগুলোর সমর্থক আইনজীবীদের সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীদের মধ্যে। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, সম্পাদক পদে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার এবং সম্পাদক পদে অ্যাডভোকেট রবিউল আলম বুদু প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থিতা প্রত্যাহার করেছে মতিন খসরুর নেতৃত্বাধীন প্যানেল এদিকে এক বিবৃতিতে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু বলেছেন, নির্বাচনে সমন্বয় পরিষদের পক্ষে আমার নেতৃত্বে একটি প্যানেল দেয়া হয়েছিল। কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির ঐক্যের স্বার্থে আমরা পুরো প্যানেল স্বেচ্ছায় আমাদের মনোনয়পত্র প্রত্যাহার করেছি।