ভারতের প্রথম ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২০:৪৮
ভারতের প্রথম দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উড়িষ্যার চান্দিপুর উপকূল থেকে ক্ষেপণাস্ত্র ‘নির্ভয়’-এর পরীক্ষা চালায় দেশটি। ভারতের সামরিক গবেষণা ও উন্নয়ন সংস্থা’র (ডিআরডিও) এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ক্ষেপণাস্ত্রটি সফলভাবে নিক্ষিপ্ত হয়েছিল, কিন্তু মাঝপথেই তা ধ্বংস হয়ে গেছে। এটি তার নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে না পারলেও মিশনের উদ্দেশ্য অর্জন হয়েছে। ডিআরডিও জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্রটি নিয়ে আরো পরীক্ষা-নিরীক্ষা করছে। এর আগে জানানো হয়েছিল, ‘নির্ভয়’ রাডার ফাঁকি দিয়ে খুব নিচু দিয়ে উড়তে পারে। এটি খুবই কৌশলে এঁকে বেঁকে গিয়ে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। কিন্তু ‘নির্ভয়’ নিক্ষেপের পর তার গতিপথ পরিবর্তন করার ফলে উপকূলীয় এলাকায় অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতির আশঙ্কায় মাঝ পথেই তাকে ধ্বংস করে দেয় ডিআরডিও। প্রায় ২৫০ কিলোমিটার উড্ডয়নের পর এটির ইঞ্জিন অকার্যকর করে দেয়া হয়। পরে উড়িষ্যার জগিসংপুর জেলার এটি গ্রামে এটির ধ্বংসবশেষ পাওয়া যায়। বিভিন্ন দেশে যেকোনো ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে প্রথম পরীক্ষায় ব্যর্থতা একটি সাধারণ বিষয়। এর আগে ভারতের ‘অগ্নি’ ক্ষেপণাস্ত্রও প্রথম পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। পরে এটির ত্রুটি সারিয়ে সফল পরীক্ষা চালিয়েছিল ভারত। দেশটি ইতোমধ্যে বিভিন্ন পাল্লার ব্যালিস্টিক ও কৌশলগত ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। ভারতের ‘নির্ভয়’ যুক্তরাষ্ট্রের টমাহক ও পাকিস্তানের বাবুর ক্রুজ ক্ষেপণাস্ত্রের সমকক্ষ।