সিরাজদিখানে আলু উত্তোলন মৌসুম শুরু

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২১:৩০
গোল আলুর ভাণ্ডার বলে খ্যাত সিরাজদিখান উপজেলায় এখন গোল আলু উত্তোলন মৌসুম শুরু হয়েছে। চলবে আরও ১০/১২ দিন। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আলুর বাম্পার ফলন হয়েছে এবং বর্তমানে আলুর বাজার মূল্যও ভাল বলে জানান কৃষকরা। এবছর আলুর জন্য উপকারী প্রচণ্ড শীত এবং বপনের পরে আকাঙ্ক্ষিত বৃষ্টিরও দেখা মিলেছিল। বর্তমানে আলু রোপণকারী কৃষকের মনে বেশ আনন্দ লক্ষ্য করা যাচ্ছে। কারণ গত কয়েক বছর তারা লাভের মুখ দেখতে পারেনি। এ বছর কৃষক কিছুটা ক্ষতি পুষিয়ে উঠতে পারবে বলে আশা করছে। বর্তমানে বাজারে আলু প্রতি মণ ৩৭০ থেকে ৪ শ’ টাকায় জমি থেকে বিক্রয় হচ্ছে। সিরাজদিখান উপজেলার গুয়াখোলা গ্রামের আলু চাষি মোঃ ফারুক বেপারি জানান, এ বছর কৃষকের এক মণ আলু উত্পাদন খরচ পড়েছে প্রায় ২৯০ থেকে ৩০০ টাকা। বর্তমানে এলাকার ছোট পুঁজির কৃষকেরা আলু জমিতে বিক্রয় করলেও বেশির ভাগ কৃষক আলু কোল্ড স্টোরেজে সংরক্ষণ করছেন বেশি লাভের আশায়। সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা শোভন কুমার ধর জানান, এবছর উপজেলায় প্রায় আট হাজার ৭শ’ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে।