উপজেলার দুর্গম চরাঞ্চল রায়পুরা-বাঁশগাড়ী ১২ কিঃ মিঃ পাকা রাস্তা ও মেঘনা শাখার নদীর উপর নির্মিত সেতুর শুভ উদ্বোধনের মধ্য দিয়ে চরাঞ্চলবাসীর হাজার বছরের স্বপ্ন পূরণ হলো। গত মঙ্গলবার বিকালে সেতুর উদ্বোধন করেন স্থানীয় এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন রাজু। এর ফলে তৈরি হলো উপজেলা সদরের সাথে দুর্গম চরাঞ্চলের প্রায় দেড় লক্ষাধিক মানুষের সেতুবন্ধন। উদ্বোধন শেষে এই প্রথম উপজেলার দুর্গম চরাঞ্চলে গাড়িবহর প্রবেশ করে। আর এ গাড়িবহরের দৃশ্য দেখতে শিশু থেকে আবাল-বৃদ্ধ-বনিতা সবাই রাস্তার দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল।
রায়পুরা উপজেলার ২৪ ইউনিয়নের মধ্যে ৬টি দুর্গম চরাঞ্চল। এখানে দেড় লক্ষাধিক লোকের বসবাস। যোগাযোগের ক্ষেত্রে তাদের একমাত্র ভরসা বর্ষাকালে নৌকা এবং শুকনো মৌসুমে পায়ে হাঁটা। কিন্তু রায়পুরা থেকে নির্বাচিত এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজু এবার অবহেলিত চরাঞ্চলবাসীর দুঃখ, দুর্দশা লাঘবের জন্য প্রায় ১২ কিঃ মিঃ পাকা রাস্তা, কালভার্ট, শাখা মেঘনা নদীর উপর ২৪০মিঃ দৈর্ঘ্য সেতু নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নেন। ফলে চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। তাই চরাঞ্চলবাসীর হাজার বছরের স্বপ্ন পূরণকারী মন্ত্রী রাজুকে বরণ করতে পুরো ১২ কিঃ মিঃ রাস্তা সাজানো হয় স্বপ্নিল সাজে। এসময় মন্ত্রীর সফর সঙ্গী ছিলেন জেলা পরিষদ প্রশাসক এড. আসাদোজ্জামান, জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম, উপজেলা উন্নয়ন কমিটির সভাপতি সালাহউদ্দিন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসাইন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এড. ইউনূছ আলী ভুইয়া, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
