ছাতকে লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২১:৩১
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা ছাতকের নোয়ারাই ইউনিয়নে লিচু উত্পাদন করে ব্যাপক সাফল্য পেয়েছেন বাগান মালিকরা। ইউনিয়নের মানিকপুর লিচুর গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে। গ্রামে টিলার উপর ক’টি লিচু বাগানসহ সকল বাড়িতে রয়েছে প্রচুর পরিমাণে লিচুর গাছ। বাগান ও বাড়ির আশপাশের লিচু গাছে পুঞ্জিভূত মুকুল এখন শোভা পাচ্ছে। নোয়ারাই ইউনিয়নের মানিকপুরসহ আশপাশ গ্রামে উত্পাদিত লিচু অত্যন্ত সুস্বাদু। ইউনিয়নের মানিকপুরসহ ক’টি গ্রামে বাণিজ্যিকভাবে লিচু উত্পাদন করা হচ্ছে কয়েক বছর ধরে। এতে আর্থিকভাবে লাভবান হচ্ছে লিচু উত্পাদনকারীরা। এখানে উত্পাদিত লিচু দিয়ে ছাতকসহ দেশের বিভিন্ন এলাকায় লিচুর চাহিদা পূরণ করা হচ্ছে। লিচু চাষ করে অনেকে স্বাবলম্বী হয়েছেন। এলাকার লোকজন লিচু চাষে আরো আগ্রহী হয়ে উঠছে। গত কয়েক বছর ধরে এখানে লিচুর বাম্পার ফলন হচ্ছে। এতে বেশ কিছু লোকজনের কর্মসংস্থানেরও সৃষ্টি হয়েছে। মানিকপুর গ্রামের লিচু চাষি আমির আলী জানান, সময়মতো বৃষ্টি না হওয়ায় লিচুর মুকুলগুলো ঝরে পড়ে যাচ্ছে। এতে তাদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। ইউনিয়নে দায়িত্বরত উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল হামিদের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করে রোগ-বালাই দমনের জন্য স্প্রে মেশিন দিয়ে কীটনাশক প্রয়োগসহ লিচু বাগানের পরিচর্যা করছেন চাষিরা। কৃষি কর্মকর্তা প্রদ্যুত্ কুমার ভট্টাচার্য জানান, নোয়ারাই ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রতিবছর লিচুর বাম্পার ফলন হচ্ছে। কৃষি অফিস থেকে লিচু চাষিদের সকল প্রকার পরামর্শ দেয়া হচ্ছে। চলতি বছরেও লিচুর উত্পাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।