সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা
চলতি এসএসসিতে প্রতিটি বিষয়ে ভাল ভাল পরীক্ষা দেয় মিম। সেদিনের পরীক্ষাও তার ভাল হয়েছিল। পড়াশুনা শেষ করে নিজ ঘরে শুতে যায় মিম। কে জানে বাবা-মার সকল স্বপ্ন ভঙ্গ করে করুণ মৃত্যুর পথ বেছে নিবে সে। প্রেমিকের কুিসত কর্মকাণ্ডের কথা জেনে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাই ঘটিয়েছে গাইবান্ধার সাঘাটার মেধাবী ছাত্রী এসএসসি পরীক্ষার্থী আরেফিন ইয়াসমিন মিম (১৬)। সে উপজেলার বোনারপাড়ার মাস্টার পাড়ার আলহাজ্ব মোহাম্মদ আলীর কন্যা। ঘটনার দিন শুক্রবার সকালে শয়ন ঘরের দরজায় অনেক ডাকাডাকি করেও সাড়া না পাওয়া গেলে দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
মিমের মোবাইল ফোনের মেসেজ ও সে অনুযায়ী ইন্টারনেটে দু’জনের কুিসত বিকৃত নানা ভঙ্গির ছবির কথা জেনে সে আত্মহত্যা করে বলে নিশ্চিত পরিবারের লোকজন। পারিবারিক সূত্র জানায়, একই শহরের শিমুলতাইড়ের বাসিন্দা ধনাঢ্য ব্যবসায়ী হাজী খলিল মিয়ার একমাত্র ছেলে আরিফুর রহমান আরিফ (২০) নানা ভাবে ফুসলিয়ে মিমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়া হবে বলে মিমের মোবাইলে মেসেজ দেয় তার লম্পট প্রেমিক আরিফ। এটি সহ্য করতে না পেরে লোক-লজ্জার ভয়ে সে আত্মহননের পথ বেছে নেয় বলে দাবি তার পরিবারের। মিমের বাবা বাদী হয়ে রবিবার গাইবান্ধা জজ কোর্টে এ বিষয়ে মামলা দায়ের করেছেন। লম্পট প্রেমিক আরিফ পলাতক।
