নেত্রকোনায় ছেঁড়া বস্তায় সার সরবরাহ

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২১:৩৫
নেত্রকোনা প্রতিনিধি আশুগঞ্জ সার কারখানা হতে নেত্রকোনার ডিলারদের জন্য যে সমস্ত বস্তায় সার প্রদান করা হচ্ছে সে সমস্ত বস্তা ছেঁড়া এবং প্রতি বস্তা ওজনে ৫/৬ কেজি কম হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার নেত্রকোনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় এ বিষয়ে অভিযোগ করা হলে জেলা প্রশাসক এ ব্যাপারে একটি কমিটি গঠন করেন। নেত্রকোনার ১০ জন সার ডিলার লিখিত অভিযোগে জানান, গত ফেব্রুয়ারি মাসে বরাদ্দকৃত সারের টাকা কারখানায় জমা দেবার পর কিছু সার সরবরাহ করা হয়। কিন্তু কারখানা কর্তৃপক্ষ পুরাতন দেশি- বিদেশি ইউরিয়া সার (ওজনে ৫/৬ কেজি কম) এবং বস্তা ফাটা, ছেঁড়া ও রি-ব্যাগিং করাসহ ময়লা মিশ্রিত সারের বস্তা প্রদান করছে। কিন্তু কৃষক এই সার নিচ্ছে না। ডিলাররা এই সার বিক্রি করতে পারছেন না এবং এতে করে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পুরাতন সার বিক্রি না হওয়ায় তারা পরবর্তী মাসের বরাদ্দকৃত সারের টাকাও জমা দিতে পারছেন না বলে জানান। প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য আশুগঞ্জ সার কারখানা কর্তৃপক্ষ, লেডিং ঠিকাদার এবং কেন্দ্রীয় বিএফএ (ফার্টিলাইজার সমিতি) কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোন কাজ হয়নি বলে ডিলাররা অভিযোগ করেন। সার ডিলার ফরিদুল হক এবং খলিলুর রহমান জানান, দ্রুত অভিযোগের তদন্ত করে ব্যবস্থা না নেয়া হলে কৃষকদের পাশাপাশি তারাও ক্ষতিগ্রস্ত হবেন।