বরগুনায় অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২১:৩৫
বরগুনা (উত্তর) প্রতিনিধি শহরের উপকণ্ঠ দক্ষিণ বরগুনার সাবেক পৌর কাউন্সিলর মো.নজরুল ইসলামের বাড়ির বাগান থেকে সোমবার সন্ধ্যায় এক অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করে পুলিশ। দু’তিন অতিবাহিত হলেও নিহত যুবতীর পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে রবিবার রাতে ধর্ষণের পর গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। বরগুনা থানার তদন্তকারী কর্মকর্তা এসআই বেলায়েত হোসেন জানান, বাগানে গাছের পাতা দিয়ে লাশটি ঢাকা ছিল। স্থানীয় মহিলারা পাতা কুড়াতে গেলে তারা প্রথমে লাশটি দেখতে পায়। তারা জানায়, যুবতীর স্যালোয়ার ছিঁড়ে তার হাত বাঁধা এবং অপর হাতাটি দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল। বরগুনা থানার অফিসার ইনচার্জ নীলমনি চাকমা জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ নিহতের পরিচয় ও হত্যাকারীদের খুঁজে বের করা চেষ্টা চালাচ্ছে।