সৌদি আরবে সশস্ত্র ডাকাতির দায়ে সাত আসামির মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকর করা হয়েছে। দেশটির প্রচলিত রীতি অনুযায়ী শিরোশ্ছেদ করার পরিবর্তে তাদের গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তারা সবাই সৌদি নাগরিক। জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন মৃত্যুদণ্ড কার্যকর না করার আহবান জানিয়েছিল। খবর বিবিসির।
২০০৯ সালে একটি স্বর্ণের দোকানে সশস্ত্র ডাকাতি ঘটনায় গতকাল বুধবার সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে তারা হলো সারহান আল-মাশায়েখ, সাঈদ আল-জাহরানি, আলী আল-শাহরি, নাসের আল-খাতানি, সাঈদ আল-শাহরানি, আব্দুল আজিজ আল-আমরি এবং আলী আল-খাতানি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে রায় কার্যকরের কথা বলা হলেও কীভাবে হয়েছে সে সম্পর্কে কিছু বলা হয়নি। অন্যদের শিক্ষা দিতে এবং অন্যায়ের শাস্তিস্বরূপ তাদের হত্যা করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। দেশটির স্থানীয় সংবাদপত্র আল-ইয়োম জানায়, শিরোশ্ছেদ করার পরিবর্তে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি তত্ত্বাবধান করছে একটি বিশেষ কমিটি। কারণ গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা শরীয়তের বিরুদ্ধে নয়। চলতি বছর এ পর্যন্ত ২৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০১২ সালে দেশটিতে ৬৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
