সুইডেনে থিয়েটার আর্ট ইউনিটের ‘সুতায় সুতায় হ্যানা ও শাপলা’

আপডেট : ০৫ মে ২০১৯, ২১:০৫

বিনোদন রিপোর্ট

 

সুইডিশ নাট্যদল ‘সন্দ্রেবলস অপেরার’ আমন্ত্রণে সুইডেনের রাজধানী স্টকহোমে যাচ্ছে ‘থিয়েটার আর্ট ইউনিট’। সেখানে ১০ ও ১১ মে ফ্রি থিয়েটারে তাদের নতুন নাটক ‘সুতায় সুতায় হ্যানা ও শাপলা’ মঞ্চায়ন করা হবে। সাংস্কৃতিক বিনিময় প্রকল্প ‘দ্য উইভ’-এর আওতায় সুইডিশ অপেরা ‘দ্য গ্রেট উইভ অপেরা’ অবলম্বনে তৈরি হয়েছে নাটকটি। স্টকহোমে নাটকটির প্রদর্শনী বাংলাতেই হবে। তবে সুইডিশ দর্শকদের জন্য ইংরেজি অনুবাদের ব্যবস্থা থাকবে মিলনায়তনে।

আজ সুইডেনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে থিয়েটার আর্ট ইউনিটের ১৯ জনের একটি দল। পৃথিবীর দুই প্রান্তের দেশ বাংলাদেশ ও সুইডেনের একজন করে নারীর উপাখ্যান নিয়ে সাজানো হয়েছে ‘সুতায় সুতায় হ্যানা ও শাপলা’। হ্যানা বিংশ শতাব্দির দ্বারপ্রান্তে জন্ম নেওয়া সুইডেনের এক সুচশিল্পী। আর শাপলা বাংলাদেশের তৈরি পোশাক কারখানার শ্রমিক।

নাটকটি মূলত এই দুই মৃত নারীর পরস্পরের গল্পকথন। নাটকটি লিখেছেন নির্দেশক রোকেয়া রফিক বেবীর মেয়ে আনিকা মাহিন একা। হ্যানা চরিত্রে সঙ্গীতা চৌধুরী ও শাপলার ভূমিকায় অভিনয় করেছেন মিতালী দাস। সূত্রধর হিসেবে আছেন সুজন রেজাউল। এতে মূল গায়েন চরিত্রে অভিনয় করা সেলিম মাহবুব নিজেই নাটকটির সঙ্গীত পরিকল্পনা করেছেন এবং আলোক পরিকল্পনায় আছেন নাসিরুল হক।